বিডিআর-বিএসএফ আলোচনা: অনুপ্রবেশ, সীমান্তে বেড়া নির্মাণ বিষয় অমীমাংসিত
সীমান্তে অনুপ্রবেশ এবং বেড়া নির্মাণ সংক্রান্ত বিষয় অমীমাংসিত রেখেই শুক্রবার শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত সমন্বয় সম্মেলন।
সম্মেলনে একটি যৌথ আলোচনা নথি স্বাক্ষরিত হয়। এতে বিডিআর’র পক্ষে স্বাক্ষর করেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বিএসএফ’র পক্ষে স্বাক্ষর করেন এর মহাপরিচালক আরএস মুশাহারে।
সম্মেলনের মাধ্যমে উভয়ের মধ্যে সমঝোতা আরও বেড়েছে, বিডিআর ও বিএসএফ’র পক্ষ থেকে একথা বলা হলেও সীমান্তে বেড়া নির্মাণ, নিশ্চিহ্ন সীমান্ত পুনঃনির্ধারণ, বাংলাদেশের ভিতরে ক্যাম্প ও মাদক চোরাচালান এবং ভারত কর্তৃক বাংলাদেশী সন্ত্রাসীদের আশ্রয় প্রদানের দাবি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মতপাথক্য রয়ে গেছে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত তিনদিনব্যাপী এ সম্মেলন শেষে বিএসএফ’র মহাপরিচালক স্বীকার করেছেন যে সীমান্তে বেড়া নির্মাণ বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। তবে আমরা জিরো লাইনে বেড়া দেবই এবং এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসব না।
অপরদিকে বিডিআর’র মহাপরিচালক বলেন, ১৯৭৪ সালে সহযোগিতা ও গাইডলাইনের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তি সম্পন্ন হয়।
বিডিআর মহাপরিচালক জেনারেল জাহাঙ্গীর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে কোনও জঙ্গি ক্যাম্প থাকার কথা অস্বীকার করেন। তিনি বলেন, বন্ধুরাষ্ট্র ভারতের বিরুদ্ধে জঙ্গি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে এ ধরনের কোনও ক্যাম্পের অস্তিত্ব বাংলাদেশ কখনোই সহ্য করবে না।
সারা দেশে ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে তিনি বলেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে অস্ত্র ও গোলাবারুদসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তখন বিএসএফ’র মহাপরিচালক মুশাহারে বলেন, ভারতীয় ওই নাগরিক দীর্ঘ দিন ধরে বাংলাদেশে বাস করছে এবং সেখানে বাংলাদেশী এক নারীকে বিয়েও করেছে।
তিনি বলেন, এ ঘটনার বাংলাদেশ ও ভারত উভয় দেশের সন্ত্রাসীরা জড়িত।
সম্মেলনে জেনারেল জাহাঙ্গীর আলম কলকাতায় হিন্দু উগ্রবাদীদের কার্যক্রমে বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির বিষয়টি তুলে ধরেন।
এছাড়াও তিনি ভারত কর্তৃক বাংলাদেশী সন্ত্রাসীদের আশ্রয় প্রদানের বিষয়টি তুলে ধরেন এবং তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এদিকে, মুশাহারে বলেন, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা অনুপ চেটিয়া বাংলাদেশেই আছে। তিনি উত্তর-পুর্বাঞ্চলের সন্ত্রাসীদের একটি তালিকাও উপস্থাপন করেন।
একইভাবে জাহাঙ্গীর আলম চৌধুরীও ভারতে অবস্থান নেওয়া শান্তি বাহিনীর বাকি সদস্যদের একটি তালিকা তুলে ধরেন।
তবে উভয় পক্ষ এসব সমস্যা সমাধানে এবং সংকট দূর করতে আরও বেশি বৈঠক করতে সম্মত হয়েছে। আগামী বছর এপ্রিলে ঢাকায় এ সংক্রান্ত একটি বৈঠক হতে পারে।
