মেহেরপুরে র্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারের ঈদগাহ পাড়ায় শুক্রবার ভোর ৪টায় র্যাবের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম মোঃ আজিজুল হক (৪২)।
পুলিশ সূত্র জানায়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বামুন্দী বাজারের একটি বাড়ি থেকে আজিজুলকে আটক করে।
আটকের পর শুক্রবার ভোরে মেহেরপুর র্যাব-৬ এর একটি দল আজিজুলকে নিয়ে ঈদগাহ পাড়ায় অস্ত্র উদ্ধারে যায়। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী আজিজুলের ক্যাডাররা র্যাবের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। র্যাবও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে আজিজুল র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে তার মৃত্যু হয়।
পুলিশ বলেছে তার বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে।
এ ঘটনায় কোনও অস্ত্র উদ্ধার হয়নি বলে পুলিশ জানায়।
