সিলেটে জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি চুরি, শিবিরকে দায়ী করেছে ছাত্রদল
সিলেট সরকারি কলেজের ক্যাম্পাস থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সিনিয়র যুগ্ন মহাসিচব তারেক রহমানের দুটি বিশাল আকৃতির প্রতিকৃতি গত বুধবার রাতে চুরি হয়ে গেছে।
ঘটনার জন্যে ছাত্রদল ছাত্র শিবিরকে দায়ী করেছে। অন্যদিকে ঘটনা তদন্ত করতে কলেজ কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার সকালে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে গিয়ে ছবি দেখতে না পেয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং কলেজের দুই নৈশ প্রহরীকে মারধোর করে। এরপর ছাত্রদলের কর্মীরা এর জন্যে ছাত্র শিবিরকে দায়ী করে কলেজের হোস্টেলের শিবির নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষে তালা লাগিয়ে দেয়। এ নিয়ে দুই সংগঠনের মধ্যে উত্তেজনা দেখা দিলে কলেজের অধ্যক্ষ পুলিশকে খবর দেন।
এদিকে কলেজের কর্মচারি ইউনিয়ন দুই কর্মচারিকে মারধোরের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
