২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছরে আহত, নিহত ধর্ষণের শিকার গৃহপরিচারিকার মধ্যে ৬২% শিশু

দেশে গত পাঁচ বছরে আহত, নিহত ও ধর্ষণের শিকার গৃহ পরিচারিকার মধ্যে ৬২ শতাংশই শিশু। যাদের বয়স ৫ থেকে ১৫ বছর। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে প্রকাশিত জরিপ রিপোর্টে এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 06:34 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে বিল্স-এর শিশুশ্রম নিরসন প্রকল্পের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

রিপোর্টে আরো বলা হয়, শিশুশ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক গৃহপরিচারক বা পরিচারিকা হিসেবে কাজ করে। এবং এদের অধিকাংশই কোনও না কোনও ভাবে নির্যাতনের শিকার হয়। এতে আরো জানানো হয় সারা দেশে গৃহপরিচারকের কাজ করে এমন শ্রমিকের মধ্যে ৩৩ দশমিক ৬ ভাগই শিশু। এবং ১০ থেকে ১২ বছরের শিশু গৃহকর্মীর মধ্যে ৮০ শতাংশই মেয়ে।

রিপোর্টে জানানো হয়, ২০০০ সালের সেপ্টেম্বর থেকে ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৩৪৩ জন গৃহ পরিচারিকা খুন ধর্ষণ বা নির্যাতনে আহত হয়েছে। তাদের মধ্যে ২১৩ জন শিশু।

এর মধ্যে নিহত ৮৫ জন, আহত ৯৫ জন এবং ধর্ষণের শিকার হয়েছে ৩৩ জন। সরাসরি নির্যাতনের ফলে মারা গেছে ২৫ জন। ধর্ষণের পর নিহত হয়েছে ৫ জন।

রিপোর্টে বলা হয়, জাতীয় দৈনিক সংবাদপত্রসমূহে প্রকাশিত খবরের ভিত্তিতে জরিপটি পরিচালিত হওয়ায় এতে রাজধানী ঢাকার ঘটনাই বেশি সংখ্যক ( মোট ঘটনার প্রায় ৯০ শতাংশ)। সারা দেশে এমন অনেক ঘটনাই সংবাদপত্রে স্থান পায় না বলে প্রকৃত চিত্র আরো ভয়াবহ বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, অনেক ঘটনার মামলা হয় না। জরিপ তথ্য অনুযায়ী আহত নিহত হওয়ার ঘটনাগুলোর মধ্যে ১২৩ টি ঘটনার মামলা হয়েছে এবং ৫৭টি মামলা হয়নি। ধর্ষণের ক্ষেত্রেও ৪টি ঘটনায় কোনও মামলা হয়নি।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, অনেক ঘটনায় মামলা হলেও তার চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে এমন ঘটনা বিরল।

এ অবস্থা থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বক্তারা অবিলম্বে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি ঘোষণার দাবি করেন। এছাড়াও আইএলও কনভেনশন হোমওয়ার্ক কনভেনশন ১৭৭ (১৯৯৬) অনুসমর্থনের জন্যে সরকারের প্রতি আহবান জানান। বক্তব্যে গৃহকর্মীদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, নির্যাতিত শিশুদের আইনি সহায়তা নিশ্চিত করা, শিশুদের স্কুলে পাঠিয়ে বয়ষ্ক বেকারদের কাজ দেয়া, নির্যাতন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়া হয়।

বিল্স-এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান, শ্রমিক নেতা ও বিল্স-এর উপদেষ্টা আবুল বাশার ও মেজবাহ উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

সম্মেলনে শিশু অধিকার দিবস উপলক্ষে বিলস্ গৃহীত কর্মসুচী তুলে ধরা হয়।

শিশু শ্রমের ওপর জাতীয় নমুনা জরিপের ২০০২-২০০৩ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী মোট ৪ কোটি ২৩ লাখ ৬৭ হাজার শিশুর মধ্যে ৭৪ লাখ ২৩ হাজার শিশু কোনো না কোনো শ্রমে নিয়োজিত। যা মোট শিশুর ১৭ দশমিক ৫ শতাংশ। এদের মধ্যে শুধুই কাজে নিয়োজিত শিশুর সংখ্যা ৪৯ লাখ ৮৮ হাজার এবং একই সাথে স্কুলেও যায় কাজও করে এমন শিশু ২৪ লাখ ৩৫ হাজার। কোনও কাজ করেনা এবং স্কুলেও যায় না এমন শিশুর সংখ্যা ৪০ লাখ ৬৭ হাজার।