হাসিনার জন্মদিন: ভিন্ন একটি গোলাপ
বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার ৫৯ তম জন্মদিনে তার ধানমন্ডির বাসভবন ফুলে ফুলে ভরে ওঠে। এতোসব গোলাপের ভিড়ে একটি গোলাপ ছিলো একেবারেই ভিন্ন।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বুধবার সকালে এই গোলাপ উপহার পেয়েছেন তার স্বামী ডঃ এম এ ওয়াজেদ মিয়ার কাছ থেকে।
আপনি সাবেক প্রধানমন্ত্রীর স্বামী হিসাবে কিভাবে তাকে শুভেচ্ছা জানিয়েছেন? এক দল সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওয়াজেদ মিয়া বলেন, আমি তাকে সকালেই শুভেচ্ছা জানিয়েছি।
প্রখ্যাত বিজ্ঞানী ড. ওয়াজেদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা ১৯৬৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এক ছেলে, এক মেয়ে, যারা দেশের বাইরে বসবাস করছে।
তিনি আরও বলেন, অনেক লোক তাকে শুভেচ্ছা জানাতে এসেছে। এটি দেখে আমার খুব ভাল লাগছে। বিয়ের পর স্ত্রীর সাথে প্রথম জন্মদিনের স্মৃতি রোমন্থন করতে বললে তিনি বলেন, তেমন কিছু মনে পড়ছে না। তবে মাঝে মাঝে মনে ভেসে ওঠে, আবার মাঝে মাঝে বিলীন হয়ে যায়।
তিনি বলেন, আমি আশা করি, মানুষ তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করবে।
