২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা কেন্দ্রীয় কারাগারে যৌথ অভিযান, ১০ গ্রাম গাঁজা উদ্ধার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাদক দ্রব্যের ছড়াছড়ি থাকলেও বুধবার প্রায় ৫০০ সদস্যের নিরাপত্তা বাহিনীর এক যৌথ অভিযানে সেখানে বলতে গেলে কিছুই পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সূত্র জানায়, কারাগারের নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মীদের দ্বারা অভিযানের খবর আগেভাগেই ফাঁস হয়ে যাওয়ায় ছয় ঘন্টাব্যাপী এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়।

অভিযানের পর কারা কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, কারা অভ্যন্তরে অবৈধ কোন কিছু পাওয়া যায়নি।

ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিক জানান, অভিযানে ১০ গ্রাম গাঁজা এবং দুই কয়েদীর কাছ থেকে এক হাজার ৬৬০ টাকা উদ্ধার হয়েছে।

অন্যদিকে ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন তৌফিকুল ইসলাম জানিয়েছেন, এটা তাদের নিয়মিত অভিযানের একটি অংশ।

নির্ভরযোগ্য সূত্র জানায়, যৌথ অভিযানে র‌্যাব, বিডিআর ও পুলিশের ২০০ সদস্য এবং ৩০০ কারা নিরাপত্তাকর্মী অংশ নেয়।

অভিযানের সময় কারাগারে আটক বন্দিরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়া এ সময় কারাগারের বাইরে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভীড় জমায়।

কারা সূত্র জানায়, র‌্যাবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

র‌্যাব সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশেই এই অভিযান চালানো হয়। অভিযানের খবর ফাঁস করে দেয়ার জন্য র‌্যাব সূত্র জেল পুলিশকে দায়ী করেছে।

অভিযানের সময় আদালত থেকে একটি প্রিজন ভ্যানে করে আনা কয়েদীরা চিৎকার করে বলতে থাকে, কারাগারের বিভিন্ন কর্মকর্তাদের টয়লেট ও নিজস্ব কক্ষ তল্লাসি করলে মাদকসহ অন্যান্য অবৈধ জিনিস পাওয়া যাবে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায়ই দর্শনার্থীদের সাথে বন্দিদের মাদকসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। কঠোর নিরাপত্তার মধ্যেও কেন্দ্রীয় কারাগার থেকে গ্রেনেড উদ্ধারের মত ঘটনাও ঘটেছে।