২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার মেঘনায় যৌথবাহিনী-জলদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১৫

ভোলার মনপুরা উপজেলার চর তাজাম্মুল এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার তেলিয়ার চরে পুলিশ-কোস্টগার্ড যৌথবাহিনীর সঙ্গে জলদস্যুদের বন্দুকযুদ্ধে ১৫ জলদস্যু নিহত এবং পুলিশসহ ৩৫ জন আহত হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 09:34 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

মঙ্গলবার এ ঘটনায় যৌথবাহিনী ঘটনাস্থল থেকে দুটি বিদেশি বন্দুক, একটি পাইপগান, কয়েক রাউন্ড কার্তুজ এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, পুলিশ ও কোস্টগার্ড জলদস্যুদের বিরুদ্ধে সোমবার রাতে অভিযানে বের হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌলভীর চর এলাকা থেকে ফেরার পথে দুটি ট্রলারের জলদস্যুদের তারা ধাওয়া করে। এক পর্যায়ে জলদস্যুরা তাদের ওপর গুলি চালায়। যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। এসময় পুলিশ প্রায় ২০০ রাউন্ড ও কোস্টগার্ড ১৫০ রাউন্ড গুলি ছোঁড়ে। এক পর্যায়ে ওসি রবিউল ও কোস্টগার্ডের লেফটেন্যান্ট ওয়্যারলেসে বিভিন্ন থানা ও কোস্টগার্ডের সহায়তা চায়।

খবর পেয়ে লালমোহন, তজুমুদ্দিন, মনপুরা, রামগতি ও ভোলা সদর থানার পুলিশ এবং রামগতি কোস্টগার্ড ক্যাম্প থেকে শতাধিক পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ ও কোস্টগার্ডের একটি দল পিছু হটতে শুরু করে অপর একটি দল বিপরীত দিক থেকে জলদস্যুদের ওপর উপুর্যুপুরি গুলি করতে শুরু করে।

কোস্টগার্ডের লেফটেন্যান্ট মাহবুব জানান, বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৫ জন জলদস্যু গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তবে তাদের লাশ এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় ৩০ জন গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েছে।

নিহতদের মধ্যে জলদস্যু মিজান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বাবুল ও হান্নান রয়েছে বলে তাদের সোর্স জানিয়েছে বলে তিনি জানান।

যৌথবাহিনী গুলিবিদ্ধ অবস্থায় শিপন (২৫), হালিম (৪০), জহির (৩৫) ও ফারুককে (১৫) গ্রেফতার করেছে।

বন্দুকযুদ্ধে ওসি রবিউল, কনস্টেবল মোহাম্মদ সেলিম, সালাম, কোস্টগার্ড জোয়ারদার ও জিয়া গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।