২ বছরে গ্যাসের চাহিদা ৩৫ শতাংশ বাড়বে
আগামী দুই বছরে দেশে গ্যাসের চাহিদা এখনকার চেয়ে আরো ৩৫ শতাংশ বেড়ে দৈনিক ২,০০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে।
বর্তমানে এ চাহিদা ১,৫০০ মিলিয়ন ঘনফুট। ২০০১ সালে যার পরিমান ছিলো ১,০৫০ মিলিয়ন ঘনফুট।
ভবিষ্যতের এ চাহিদা যথাযথভাবে পূরণের লক্ষ্যে প্রকল্পগুলো সঠিক সময়ে সম্পন্ন করার উদ্যোগ নিতে পেট্রোবাংলাকে নির্দেশ দেয়া হয়েছে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান মঙ্গলবার পেট্রোবাংলার পরিচালক এবং কর্পোরেশনের বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের সাথে এক বৈঠকে এই নির্দেশ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মাহমুদুর রহমান বলেন, দেশে বিনিয়োগের পরিমাণ অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জ্বালানি বিশেষ করে গ্যাসের চাহিদা বাড়ছে। আমরা এমনভাবে এই খাত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি যাতে চাহিদামত গ্যাস সরবরাহ কোনো ধরনের সমস্যা না হয়।
তিনি জানান, আগামী দিনে গ্যাসের উৎপাদন বাড়ানোর ধারা অব্যাহত রাখার জন্য সামুতাং এবং শাহবাজপুর গ্যাস ক্ষেত্র উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে কামতার স্থগিত গ্যাস ক্ষেত্রকে আবার উৎপাদনে নিয়ে আসা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ এই আলোচনায় জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সমস্যাসহ আসন্ন রোজা এবং শীত মওসুমে রাজধানীসহ সারা দেশে গ্যাসের প্রেসার ঠিক রাখা, বকেয়া রাজস্ব আদায়, নতুন প্রকল্প বিশেষ করে এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে পশ্চিমাঞ্চলে সঞ্চালন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সঞ্চালন নেটওয়ার্কে কমপ্রেসার বসানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
