২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজের খুলনা প্রতিনিধি পুলিশের প্রহারে আহত

বিডিনিউজ এর খুলনা প্রতিনিধি এবং দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার সুবীর কুমার রায় পুলিশের প্রহারে মারাত্মক আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

এ ঘটনায় খুলনার সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সুবীর কুমার সকালে জেলার খান-এ-সবুর রোডস্থ তার ছোট ভাই কৃষ্ণের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে থাকার সময় সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) ফকরুল এবং কনস্টেবল বাবুল, চন্দন ও ফারুক ব্যবসা প্রতিষ্ঠানের ফুটপাতে রাখা মালপত্র সরিয়ে নিতে বলেন। এর কারণ জানতে চাইলে পুলিশ সদস্যরা সাংবাদিক সূবীর এবং তার ছোট ভাইকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে।

এ সময় সাংবাদিক সুবীর গালাগালির প্রতিবাদ করলে কনস্টেবল বাবুল, চন্দন ও ফারুক রাইফেলের বাট দিয়ে তাকে বেধড়ক পেটায়। সাংবাদিক পরিচয় দেওয়ার পর কনস্টেবলরা আরও আক্রমণাত্মক হয়ে পড়ে এবং সুবীরের হাতে, বুকে এবং পিঠে রাইফেলের বাট দিয়ে জোড়ে আঘাত করে।

এ ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার হাসান বারী নূর, সহকারি কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন খুলনা প্রেসক্লাবে গিয়ে এ ঘটনার জন্য সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেন। তারা দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।