১৩১ টি কলেজে কেউ পাশ করেনি
চলতি বছর সাতটি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), কারিগরি ও আলীম পরীক্ষায় দেশের ১শ’ ৩১ টি কলেজ ও মাদ্রাসার কোনও ছাত্র-ছাত্রী পাশ করে নি।
এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮৩ টি মাদ্রাসা, ৪৮ টি কলেজ।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও পরীক্ষার্থী পাশ করে নি ভবিষ্যতে তাদেরকে কঠিন সময় পার করতে হবে।
এ ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বিডিনিউজকে বলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরপর দুই শিক্ষা বর্ষে কোনও ছাত্র-ছাত্রী পাশ করতে পারবে না তাদের এমপিও বাতিল করা হবে।
তিনি আরও বলেন, আইনানুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বছর ২শ’ ৭৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা), কারিগরি ও আলীম পরীক্ষায় কোনও ছাত্র-ছাত্রী পাশ করতে পারে নি। এর আগের বছর এ সংখ্যা ছিল ৩ শ’ ৩৭ টি।
ঢাকা বোর্ডে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও ছাত্র-ছাত্রী পাশ করতে পারে নি।
এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো-রাজধানীর মোহাম্মদপুরের কলেজ ফর অ্যাডভান্সড স্টাডিজ, পুরানা পল্টন গার্লস কলেজ-মতিঝিল, আফাজ উদ্দিন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-শরিফবাগ, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ-কাপাসিয়া-গাজীপুর, টিপু সুলতান কলেজ-গাজীপুর সদর, জান্না মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-সাটুরিয়া-মানিকগঞ্জ, কানিপুর কলেজ-ফরিদপুর সদর, মুক্তিযোদ্ধা প্রিন্সিপাল ড. আজিজুর রহমান কলেজ-ত্রিশাল-ময়মনসিংহ, আউলিয়া নগর কলেজ-ত্রিশাল-ময়মনসিংহ, মুকশাপুর কলেজ-ত্রিশাল-ময়মনসিংহ, গন্ডা কলেজ-কেন্দুয়া-নেত্রকোনা, বাউসি অর্ধচন্দ্র হায়ার সেকেন্ডারি স্কুল-বারহাট্টা-নেত্রকোনা, হাজীগঞ্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-বারহাট্টা-নেত্রকোনা এবং নিলাখিয়া পাবলিক কলেজ-বকসিগঞ্জ-জামালপুর।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন বিডিনিউজকে বলেন, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনও ছাত্র-ছাত্রী পাশ করতে পারে নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, অকৃতকার্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মাদ্রাসার সংখ্যা অর্ধেকেরও বেশি। শিক্ষা মন্ত্রাণালয় মাদ্রাসা শিক্ষা বোর্ডকে তাদের মানোন্নযনের জন্য অব্যাহতভাবে চাপ দিয়ে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আলোচনা শুরু করেছি। কেন তাদের কোনও শিক্ষার্থী পাশ করতে পারে নি এ ব্যাপারে তাদেরকে জবাবদিহি করতে বলা হয়েছে। মন্ত্রণালয় শিগগির ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ব্যর্থতার নেপথ্য কারণ ও সমাধানের উপায় অনুসন্ধান মিশন শুরু করবে।
তবে তিনি ব্যর্থ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা হ্রাস পাওয়ায় মন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করেন।
