২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেংরাটিলা অভিমুখে রোডমার্চ শুরু

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি সোমবার টেংরাটিলা গ্যাস ফিল্ড অভিমুখে বাসযোগে রোডমার্চ শুরু করেছে। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মী এবং ছাত্র-ছাত্রী অংশ নেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2005, 06:48 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

চলতি বছরের প্রথম দিকে টেংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ডের পর থেকে এ কমিটি আন্দোলন করে যাচ্ছে। সুনামগঞ্জের ছাতকে অবস্থিত এ গ্যাস ফিল্ডের গ্যাস উত্তোলনের দায়িত্বে ছিল কানাডার ড্রিলিং কোম্পানি নাইকোর। এ বছরই তারা দু’বার এ ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয়। এর ফলে এ গ্যাস ফিল্ডের বিপুল পরিমান গ্যাস পুড়ে যায়।

রোডমার্চের প্রথম দিন তারা ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার উদ্দেশ্যে বেলা সাড়ে ১১টায় যাত্রা শুরু করে। দুর্ঘটনার জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ আদায় শেষে নাইকোকে বহিস্কার করার জন্য যে দাবি তোলা হয়েছে সে ব্যাপারে জনগণকে সচেতন করার জন্য বেশ কিছু পথসভা করবে কমিটি।

এছাড়াও বিদেশী বহুজাতিক কোম্পানির সঙ্গে জনস্বার্থ-বিরোধী চুক্তির মাধ্যমে যেসব মন্ত্রী, আমলা, ব্যবসায়ীরা দেশের খনিজ সম্পদ ধ্বংস এবং কমিশন ভোগ করছেন তাদের বিচারের দাবি জানিয়েছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

তারা এ ধরনের সকল চুক্তি বাতিলেরও দাবি জানান।

রোডমার্চ শুরু প্রাক্কালে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তারা জাতীয় স্বার্থ সম্পর্কে সচেতন হতে এবং রোডমার্চ সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাস্কর আবদুল্লাহ খালেদ, মুজাহিদুল ইসলাম সেলিম, রাশেদ খান মেনন, সাইফুল্লাহ আহমেদ মানিক, হায়দার আকবর খান রনো, এমএম আকাশ. টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, জোনাইদ সাকী, হাজেরা সুলতানা প্রমুখ এ রোডমার্চে অংশ নেন।

২৮ সেপ্টেম্বর এ রোডমার্চ শেষ হবে।