ক্যাডেট ছাত্রী পলেনের মৃত্যুরহস্য ৮ মাসেও উদ্ধার হয়নি
সোমবার এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার খবরে নিজের আবেগকে সামলাতে পারছেন না হোস্টেলে নিহত ময়মনসিংহ ক্যাডেট কলেজের কৃতি ছাত্রী শর্মিলা শাহরিন পলেনের মা। বেঁচে থাকলে পলেন এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো।
পলেনের মা তাপসী মজুমদারের অভিযোগ, পলেনের মৃত্যুর ব্যাপারে তদন্ত কমিটি আট মাসেও রিপোর্ট দেয়নি। কলেজ কর্তৃপক্ষও কোনও রকম যোগাযোগ রাখেনি। মেয়ের সহপাঠিদেরও আমাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ওরা এখন আমার মেয়েটার নামে বদনাম ছড়াচ্ছে যে, পলেন পাগল ছিল। একটা পাগল মেয়ে এসএসসিতে জিপিএ-৫ পায় কী করে? ও এইচএসসিতেও জিপিএ-৫ পেত বলে তার শিক্ষকসহ আমরা সবাই আশা করেছিলাম।
রোববার পলেনের বাবা অবসরপ্রাপ্ত ফ্লাইট সার্জেন্ট এমএ বাশার পাটোয়ারীর ১৮১, কাফরুলের বাসায় বিডিনিউজ-এর সাথে আলাপকালে তিনি একথা বলেন।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ক্যাডেট কলেজের হোস্টেলে এইচএসসি পরীক্ষার্থী পলেনের মৃত্যু হয়।
পরিবারসহ নিকটজনের কাছে পলেন এখন কেবলই স্মৃতি। আর লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্যে পাওয়া কয়েক ডজন ট্রফি ও পদকই এখন তার বাবা-মায়ের একমাত্র অবলম্বন। ওই স্মৃতিগুলো দেখে বারবারই কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছেন তারা।
পলেনের মা তাপসী মজুমদার জানান, কলেজ কর্তৃপক্ষ পলেন বাথরুমের শাওয়ারের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে। কিন্তু এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়।
তিনি দাবি করেন, পলেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ জন্যে তিনি কলেজের অ্যাডজুটেন্ট মেজর নাজমুল ও সার্জেন্ট নওশেরকে দায়ী করেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ময়নাতদন্ত প্রতিবেদনে পলেন আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়েছিল। পরিবারের দাবির মুখে দ্বিতীয় দফার ময়নাতদন্ত প্রতিবেদনেও আত্মহত্যার কথা বলা হয়েছে।
এরপরও পলেনের পরিবারের দাবি অনুযায়ী ৮ এপ্রিল পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটি দীর্ঘদিনেও তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। এ দীর্ঘসূত্রিতার কারণে পলেনের মৃত্যু নিয়ে রহস্য আরো ঘনীভূত হয়েছে।
রোববার তাপসী মজুমদার বিডিনিউজের এই প্রতিবেদককে মেয়ের ট্রফিগলো দেখাতে গিয়ে বারবার ডুকরে ডুকরে কেঁদে উঠছিলেন। কান্নাকে সাথী করেই এখন কাটছে তাদের দিন। সান্ত¡না দিতে আসা আত্মীয় স্বজনরাও চোখের জল ধরে রাখতে পারছেন না।
পলেন যেমন খেলাধূলায় পারদর্শী ছিল, তেমনি গানেও। হ্যান্ডবল, ভলিবল, বাস্কেট বল, বর্শা নিক্ষেপ ও ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন হতো পলেন। ২০০৩ সালে কলেজের শ্রেষ্ঠ খেলোয়াড়ের ট্রফিটি এখনও জ্বলজ্বল করছে তাদের ঘরে।
রবীন্দ্র, নজরুল, আধুনিক ও পল্লী গীতিতেও সে ছিল অসাধারণ। গানের এসব শাখাতেও রয়েছে তার অসংখ্য পুরস্কার।
বাসার ড্রইং ও ডাইনিংরুমের বিভিন্ন স্থানে রাখা পদক ও তার আঁকা ছবিগুলো যেনো পলেনের কথাই বলছিল।
পলেনের একমাত্র বোন নিলয়ের রুমেও রয়েছে তার অসংখ্য ফটোগ্রাফ।
