২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের অনুমতি নিয়ে বায়তুল মোকাররম এলাকায় প্রথম সমাবেশ করলো শাসনতন্ত্র আন্দোলন

ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পরিবর্তিত পরিস্থিতিতে শনিবার পুলিশের অনুমতি নিয়ে নগরীর বায়তুল মোকাররম মসজিদের সামনে প্রথম সমাবেশ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

ইসলামী ওই দলটি শনিবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেইটে সমাবেশ করে। সমাবেশের আগে তারা পুলিশ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিধি অনুযায়ী এখন কোন সভা-সমাবেশ অথবা মিছিল করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে। ডিএমপি বিধি অনুযায়ী এ নিয়ম থাকলেও আগে এর ব্যবহার হতো না। এখন ডিএমপি এ বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে।

প্রথম সংগঠন হিসেবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিধি অনুযায়ী অনুমতি নিয়ে সমাবেশ করে।

পূর্বানুমতি নিয়ে সমাবেশ না করায় শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ও হিজবুল তাহ্রীর নামে দুটি দলের সমাবেশ পুলিশ ছত্রভঙ্গ করে দেয়।

১৭ আগস্ট দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় তাদের কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে তারা ওই সমাবেশের আয়োজন করে।

সংগঠনের নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম কবীর বিডিনিউজকে বলেন, তারা টেলিফোনে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছে।

সূত্র জানায়, দেশের গোয়েন্দা সংস্থাগুলো বায়তুল মোকাররম মসজিদসহ দেশের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে হামলার আশংকা রয়েছে বলে তথ্য দিয়েছে। এ প্রেক্ষিতে পুলিশ ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

পুলিশ সূত্র জানায়, বায়তুল মোকাররম এলাকা সব সময় ব্যাবহার করে এমন ইসলামী দলগুলোর সাথে পুলিশ কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (দক্ষিণ) উপ পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, কোন সংগঠন যদি আমাদের কাছে সমাবেশ করার অনুমতি চায়, তবে আমরা তাদের অনুমতি দেবো। তবে বিনা অনুমতিতে কাউকে কোনো সমাবেশ ও মিছিল করতে দেবো না।