২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে শনিবার সকাল থেকে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে চট্টগ্রাম মহানগরীর এক তৃতীয়াংশ এলাকা তলিয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 05:47 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

পৃথক তিনটি বজ্রপাতে সীতাকুণ্ড ও কর্ণফুলী থানা এলাকার চরবাটায় একজন মহিলাসহ পাঁচ জন ব্যক্তি প্রাণ হারিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের সলিমপুর এলাকায় সাগরে মাছ ধরার সময় বজ্রপাতে নিহত হয়েছে ছনাবসি জলদাস (৪৪), নেপাল জলদাস (৩৫) ও নেপাল জলদাস (৪০)।

এছাড়া সীতাকুণ্ডেরই জাহানাবাদে বজ্রপাতে নিহত হয় অজ্ঞাত পরিচয়ের আরো একজন মহিলা।

জানা যায়, বজ্রপাতের অন্য ঘটনাটি ঘটে কর্ণফুলী থানা এলাকার চরবাটাতে। সকালে আলমগীর হোসেন নামের এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দুপুরের দিকে তার মৃত্যু হয়।

এদিকে প্রবল ঝড়বৃষ্টির কারণে নগরীর অধিকাংশ রাস্তায় তিন থেকে পাঁচ ফুট পানি জমে আছে। ভয়াবহ ট্রাফিক জ্যামের কারণে নগরবাসীকে পোহাতে হচ্ছে নানান দুর্ভোগ।

আবহাওয়া দপ্তর সূত্র জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৬টা থেকে চট্টগ্রাম অঞ্চলে বজ্রপাতসহ ভারি বৃষ্টি শুরু হয়। দুপুর ১২টা পর্যন্ত ১৫৮ মিঃমিঃ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সারাদিন ভারি বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ঝড়বৃষ্টির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে কয়েকটি ফ্লাইটর ওঠানামায় বিঘ্ন ঘটে বলে বিমানবন্দর সূত্র জানায়।