বঞ্চিত ৫০০ কর্মকর্তার পদোন্নতি দিতে আবারো নীতিমালা পরিবর্তন হচ্ছে
পদোন্নতিবঞ্চিত প্রায় ৫০০ যুগ্মসচিব ও উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদোন্নতির জন্যে বিদ্যমান নীতিমালা পরিবর্তন করে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে। শিগগিরই নীতিমালা পরিবর্তনের কাজ শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির ব্যবস্থা করতে মন্ত্রিপরিষদ সচিবসহ নীতিনির্ধারক মহলের একাধিক বৈঠকে পদোন্নতি সক্রান্ত নীতিমালায় কিছুটা পরিবর্তন আনা হয়।
সংশোধিত নীতিমালার অলোকে পিএসসির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ২৫ নম্বরের পরিবর্তে ২০ নম্বরকে সন্তোষজনক বলে বিবেচনা করা হবে। এবং বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (এসিআর) পাঁচ বছরের অধিক সময় চাকরির অভিজ্ঞতাসম্পন্নদের অতিরিক্ত পাঁচ নম্বর দিয়ে পদোন্নতির তালিকায় আনা হবে।
একাধিক সূত্র অভিযোগ করে, সরকার নিজের পছন্দের লোকদের প্রশাসনের উচ্চ পদে বসাতে কয়েক দফায় পদোন্নতির নীতিমালা পরিবর্তন করে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে পদোন্নতি দেয়।
এতে ১৯৭৭ এর ব্যাচসহ ’৮২ ও ’৮৪ সালে ব্যাচের জ্যেষ্ঠ প্রায় ৬০০ কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়।
এদিকে পরিবর্তিত নীতিমালার কারণে জুনিয়র কর্মকর্তারা পদোন্নতি পাওয়ায় প্রশাসনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। সম্প্রতি পদোন্নতিবঞ্চিত ’৭৭ সালের ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ হোসেন, শেখ মাজহার, রবিউল হক উচ্চ আদালতে সম্প্রতি রিট পিটিশন দাখিল করেন।
’৮২ সালের ব্যাচের পদোন্নতিবঞ্চিত এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বিভিন্ন ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের পদোন্নতির জন্যে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সাড়া পাওয়া না গেলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন।
রিট পিটিশন দাখিলকারি কর্মকর্তাদের একজন বলেন, সরকার আমাদের প্রাপ্য অধিকার হরণ করেছে। অধিকার আদায়ের জন্যে আদালতের শরণাপন্ন হয়েছি। কিন্তু সরকার আদালতের ওপরও নজরদারি করছে। এ কারণে রিট আবেদনের শুনানি হচ্ছে না।
