বরিশালে ১ মন গাঁজা ভস্মিভুত
বরিশাল শহরে পদ্মাবতী এলাকায় শুক্রবার এলাকাবাসি দুটি মাদক ব্যবসা কেন্দ্রে অভিযান চালিয়ে প্রায় ১ মন গাঁজা উদ্ধার করে তাতে আগুন লাগিয়ে ভস্মিভূত করে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদক ব্যবসায়ি ছত্তার এবং জলিলের পদ্মাবতী রোড়ের বাসায় শুক্রবার বেলা ১২ টার দিকে অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে এ সময়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
এলাকাবাসী অভিযোগ করে, তারা একাধিকবার ছত্তার ও জলিলকে পুলিশে সোপর্দ করলেও পুলিশ দায়সারা গোছের মামলা দায়ের করায় তারা সহজেই জেল থেকে ছাড়া পেয়ে যায় এবং পুনরায় মাদক ব্যবসা শুরু করে।
ছত্তার এবং জলিলের বাসা থেকে উদ্ধারকৃত গাঁজায় অগ্নিসংযোগ করার পর বিকেল বেলায় জালাল ও জাহাঙ্গীরের বাসায় অভিযান চালানো হয়। এসময় এলাকাবাসি ২০ কেজি গাঁজা উদ্ধার করে তাতে আগুন লাগিয়ে দেয়। এ সময় স্থানীয়রা জালাল ও জাহাঙ্গীরকে দেড় কেজি গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করেছে।
