শীর্ষ সন্ত্রাসী আরমানকে যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকা মহানগর বিশেষ ট্রাইবুনাল বৃহস্পতিবার দেশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী আরমানকে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।
ট্রাইবুনালের বিচারক রবিউল হাসান অপরাধীর সামনেই এ রায় ঘোষণা করেন।
এসময় আরমানকে সম্পূর্ণ স্বাভাবিক মনে হচ্ছিলো।
আরমানের পিতা এসএম আইনান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই আরমানকে এ মামলায় জড়ানো হয়েছে। মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু বিচারের জন্যে তারা উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।
পুলিশ আরমানের কাছ থেকে গুলিভর্তি রিভলবর, দুটি পিস্তল, ১৪৬ রাউন্ড গুলি ও তিনটি মোবাইল সেটসহ গ্রেফতার করে।
গ্রেতারের পর অস্ত্র আইনের ১৯ (এ) এবং ১৯ (এফ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং ১২ জুলাই চার্জশিট দাখিল করা হয়।
এছাড়াও আরমান বেশ কয়েকটি হত্যা, অস্ত্র ও বিষ্ফোরক মামলার আসামি। বেশ কয়েকটি হত্যার ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আদালতে সরকারের পক্ষে সহকারী সরকারি কৌসুলী মো. শহিদুল ইসলাম সরদার এবং আসামির পক্ষে অ্যাডভোকেট মাহবুল আহমেদ মামলা পরিচালনা করেন।
