গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৩টি বাসের সংঘর্ষে নিহত ৪, আহত শতাধিক
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বৃহস্পতিবার সকালে তিনটি বাসের সংঘর্ষে চারজন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়েছে।
গাজীপুরের পোড়াবাড়ি বাজারের সামনে ওভারটেকিংরত দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টায় বর্মী থেকে ঢাকাগামী বনশ্রী পরিবহনের দুটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ এবং ঢাকা মেট্রো জ-১১-০৫৫২) একটি অপরটিকে ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী মোল্লা অ্যান্ড সন্সের অপর যাত্রীবাহী বাসের (গাজী-জ-০৪-০৩৬৬) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করেছে। নিহত যাত্রী আবুল কাশেম (৫০) কুমিল্লার নবীনগরের বাসিন্দা বলে জানা গেছে। হাসপাতালে নেয়ার পথে আরো তিনজন মারা যায়।
আহতদের মধ্যে ১৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৩৫ জনকে গাজীপুর সদর হাসপাতাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর থেকে বিক্ষুব্ধ লোকজন মহাসড়ক অবরোধ করে রাখে। দুপুর পৌনে একটা থেকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
