নতুন কৌশলে চলছে অবৈধ মাদক ব্যবসা
অবৈধ মাদক ব্যবসার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জোর অভিযান চালাচ্ছে, চোরাকারবারিরা তখন নতুন কৌশলে ঠিকই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ-আল-বাকী রোববার বিডিনিউজকে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধোঁকা দেওয়ার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তারা মহিলাদের বোরকা পরিয়ে এ কাজ করে থাকে।
তিনি বলেন, চোরাচালানকারীরা ক্রেতাদের কাছে এ অবৈধ মাদক বিক্রির জন্য সকল ধরনের কৌশলের আশ্রয় নিয়ে থাকে। পুলিশের চোখকে ফাঁকি দিতে তারা নারী, শিশু ও উঠতি বয়সের তরুণ তরুণীদের ব্যবহার করছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদক চোরাচালানের অভিযোগে পুলিশের সহায়তায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ১৯৯২ থেকে ২০০৫ সালের আগস্ট পর্যন্ত মোট ৫৮,১৭৪ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে মোট ৫৫ হাজার মামলা দায়ের করা হয়েছে।
এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৮০ কেজি হেরোইন, ১০ কেজি কোকেন, ২৫ কেজি আফিম এবং প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মাদক চোরাচালান, এর বিক্রি ও অপব্যবহার যে বেড়েছে, তার প্রমান মেলে গ্রেফতারকৃতদের সংখ্যায়। অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে ১৯৯০ সালে অভিযুক্তের সংখ্যা ছিল মোট ১,৪৭১ জন। ২০০৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ হাজার এবং ২০০৫ সালের প্রথম আট মাসেই এই সংখ্যা চার হাজার ছাড়িয়ে গেছে।
গ্রেফতারকৃতদের সংখ্যা এবং উদ্ধার করা মাদকের ব্যাখ্যা বিশ্লেষণ করে অধিদপ্তরের সহকারী পরিচালক এএমএম হাফিজুর রহমান বলেন, রাজধানীতে খুচরা মাদক ব্যবসার সাথে জড়িতদের কমপক্ষে ৮০ ভাগ হচ্ছে নারী ও শিশু।
অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ-আল-বাকী বলেন, পুলিশের চোখকে ফাঁকি দেওয়ার জন্য যেসব নারীরা বোরকা পড়ে অথবা অতি আধুনিক বেশভূষায় সজ্জিত থাকে, তাদের তল্লাশি চালানোর ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়।
তিনি বলেন, তারা তাদের হাতব্যাগে করে সহজেই এক কেজি হেরোইন বহন করতে পারে। এ ধরনের বেশিরভাগ নারীই দৈনিক মজুরির ভিত্তিতে এ কাজ করে থাকে।
তিনি বিডিনিউজকে জানান, ঢাকা মহানগরে অধিদপ্তরের যে চারটি মহিলা টিম কাজ করছে, তাদের সহযোগিতা করার জন্য সম্প্রতি আরও কিছু মহিলা সোর্স নিয়োগ দেওয়া হয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রাজধানীর অবৈধ মাদক ব্যবসায়ী এবং আসক্তদের সনাক্ত করতেও অধিদপ্তর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অধিদপ্তরের পক্ষ থেকে ঢাকার সকল ওয়ার্ড কমিশনারকে তাদের নিজ নিজ এলাকার অবৈধ মাদক ব্যবসায়ী ও আসক্তদের তথ্য জানাতে বলা হয়েছে।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শামসুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি কিছু জানাতে অস্বীকার করেন। তবে তিনি স্বীকার করেন, মাদক ব্যবসায়ীদের তালিকায় নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে।
