পাক-বাংলা যৌথ উদ্যোগ: রূপালী ব্যাংক করাচি শাখা এখন আরিফ হাবিব রূপালী ব্যাংক
পাকিস্তানের শীর্ষ স্থানীয় কোম্পানি আরিফ হাবিব সিকিউরিটিজ এবং এর অন্যান্য সহযোগী সংগঠন রূপালী ব্যাংকের করাচি শাখার ৮০ শতাংশ শেয়ার কিনে নতুন ব্যাংক হিসাবে চালু করতে যাচ্ছে বলে ব্যাংক সূত্র জানিয়েছে। শুক্রবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এ চুক্তির ফলে বাংলাদেশ-পাকিস্তান যৌথ উদ্যোগের ভিত্তিতে এখন থেকে রূপালী ব্যাংক করাচি শাখা আরিফ হাবিব রূপালী ব্যাংক নামে পরিচালিত হবে। এ শাখার শতকরা ২০ ভাগ শেয়ার রূপালী ব্যাংকের কাছেই রয়েছে বলে সূত্র জানায়।
রূপালী ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া এবং আরিফ হাবিব গ্রুপের পক্ষে কোম্পানির চেয়ারম্যান দ্বিপাক্ষিক এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম।
রোববার ঢাকায় প্রাপ্ত এক বিবৃতিতে জানা গেছে, গত বছর থেকে দু পক্ষের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে আরিফ হাবিব রূপালী ব্যাংক নামে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাথে বাংলাদেশের যৌথ উদ্যোগের ভিত্তিতে ব্যাংকিং শুরু হল।
আরিফ হাবিব সিকিউরিটিজ এবং এর অন্যান্য অঙ্গ সংগঠনগুলো এর আগে স্টক ব্রোকারেজ কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট ও আরিফ হাবিব ইনভেস্টমেন্টের পাশাপাশি ব্যাংকিং সেবায় যোগ দিল। কোম্পানির এ খাতে ১৬ শ’ কোটি ডলারের বিনিয়োগ রয়েছে।
আরিফ হাবিব কোম্পানির কোটি কোটি ডলারের পাক-আরব ফার্টিলাইজার ও থাট্টা সিমেন্ট প্রকল্প রয়েছে। এছাড়া রয়েছে এসা সিমেন্ট এবং জাভেদান সিমেন্ট ইন্ডাস্ট্রি এবং লাহোরের শহরতলিতে ও ইসলামাবাদের আলহামরা পাহাড়ে সুখ চয়ন গার্ডেন নামের হাউজিং প্রকল্প।
বিবৃতিতে আরও বলা হয়, শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এখনও যেসব সুবিধা চালু করেনি সেসব সুযোগ সুবিধা সমৃদ্ধ বাণিজ্যিক ব্যাংক চালুর পরিকল্পনাও কোম্পানিটির রয়েছে।
প্রসঙ্গত বাংলাদেশের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংক রূপালী ব্যাংককে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে রূপালী ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ১২ কোটি সাত লাখ মার্কিন ডলার। এর মধ্যে পরিশোধিত মূলধন দুই কোটি ১৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
