২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শবেবরাতে চট্টগ্রামের মাজারগুলোতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা, মোতায়ন করা হবে চার হাজার পুলিশ বিডিআর

শবেবরাতের রাতে নাশকতার আশংকায় চট্টগ্রামের মাজারগুলোতে তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2005, 02:56 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

চট্টগ্রাম শহর ও জেলার ছোট বড় শতাধিক মাজারে পুলিশ সদর দপ্তরের নির্দেশে প্রায় চার হাজার বিডিআর, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সিএমপি ও জেলা পুলিশ সূত্র জানিয়েছে, পুলিশ ও বিডিআরের বিশেষ টিম মাজারগুলোর অভ্যন্তর, প্রবেশ পথ ও বাইরে এ তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।

চট্টগাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মাজেদুল হক বিডিনিউজকে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে মাজারগুলো জঙ্গিদের বিশেষ টার্গেটে পরিণত হয়েছে। মাজারের সংখ্যা বেশি হওয়ায় পুলিশ সদর দপ্তর থেকে চট্টগ্রামের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

শবেবরাতের রাতে চট্টগ্রামের মাজারগুলোতে বিপুল লোক সমাগমের মধ্যে যে কোনও ধরনের নাশকতা ঘটার স¤ভাবনা বেশি বলে তিনি উল্লেখ করেন।

সিএমপি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম মহানগর এলাকার ৪০টি মাজারে পর্যাপ্ত লাইটিংসহ নিরাপত্তার জন্যে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সিএমপির ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব এলাকার মাজারগুলোর পরিচালনা কর্তৃপক্ষের সাথে নিরাপত্তা বিষয়ে বৈঠক করেছেন।

পরিকল্পনা নেয়া হয়েছে, প্রতিটি মাজারে ভিডিও ক্যামরা নিয়ে দায়িত্ব পালন করবে গোয়েন্দা পুলিশ।

জেলার ৫০টি মাজারে পুলিশ সদর দপ্তর নির্দেশিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নেয়া হয়েছে বলে চট্টগ্রামের পুলিশ সুপার আফতাব উদ্দিন আহমদ বিডিনিউজকে জানিয়েছেন।

চট্টগ্রাম মহানগরী এলাকায় শবেবরাতের রাতে তিনশ বিডিআরসহ আড়াই হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। পাশাপাশি র‌্যাবের ২০টি টহল টিম নগরীতে টহলে থাকবে।

মহানগরীর বাইরের মাজারগুলো এবং আশপাশের এলাকায় মোতায়েন থাকবে বিডিআরসহ দেড় হাজার নিরাপত্তাকর্মী।

এছাড়া গত সপ্তাহ থেকে মহানগরীর ৩০টি পয়েন্টে বসানো র‌্যাবের চেক পোস্ট শবেবরাতের রাতেও সক্রিয় থাকবে।