২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়ার প্রাদুর্ভাব : আইসিডিডিআরবিতে রোগীর ভিড়

ভ্যাপসা গরম ও দুষিত পানি পানের কারণে সারাদেশে ব্যাপকহারে ডায়রিয়া প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 09:22 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

অন্যদিকে, ডায়রিযার প্রাদুর্ভাব দেখা দিলেও বর্তমান পরিস্থিতি নিয়ে এ মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে সংশোধিত কোনও তথ্য নেই। এ ব্যাপারে যোগাযোগ করা হলে অধিদপ্তরের কন্ট্রোল রুমের এক কর্মকর্তা বিডিনিউজকে জানান, ১৫ আগস্ট তারা সর্বশেষ ডায়রিয়ায় আক্রান্ত রোগীর তথ্য সংশোধন করেছেন।

নগরীর মহাখালিতে অবিস্থিত কলেরা হাসপাতাল নামে পরিচিত আইসিডিডিআিরবিতে এখন ডায়রিয়া রোগীর ভিড় শুরু হয়েছে।

শনিবার সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, অতিরিক্ত রোগীর আবাসন সংকটের কারণে কর্তৃপক্ষ অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করেছে। যেখানে রোগীদের ত্রিপলের ছাউনিতে রাখা হয়েছে।

প্রচণ্ড গরম ও পর্যাপ্ত আলো বাতাসের অভাবে রোগী ও রোগীর সাথে যারা এসেছে তারা চরম ভোগান্তিতে পড়েছে।

আইসিডিডিআরবি আন্তর্জাতিকভাবে পরিচিত একটি গবেষণা ইন্সটিটিউট। এতে চারশ’ ষাট থেকে চারশ’ আশি জন রোগী একসাথে চিকিৎসা সেবা নিতে পারে।

কিন্তু হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে জেনারেল ওয়ার্ড ও বর্ধিত অংশে কমপক্ষে ১১’শ জন রোগী রয়েছে।

হাসপাতালে কর্তব্যরত একজন চিকিৎসক বলেন, মাত্রাতিরিক্ত গরমের কারণে গত দু সপ্তাহ ধরে রোগীর চাপ বেড়েছে। এ কারণে চিকিৎসক ও অন্যান্য কর্মীদের সিডিউলের বাইরে অতিরিক্ত সময় ধরে কাজ করতে হচ্ছে।

হাসপাতালের একজন কর্মচারি বলেন, হাসপাতালে মাত্রাতিরিক্ত রোগীর চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বর্ধিত অংশে অতিরিক্ত রোগীর কারণে ঠিকমতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না।

ডায়ারিয়ায় আক্রান্ত ভাগ্নের পাশে বসা মেরুলের জোহরা খাতুন বলেন, সব কিছুই ঠিক আছে, কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার বড় অভাব।

বমি ও পানি শূন্যতা দেখা দিলে রোগীরা এখানে এসে ভর্তি হয়। অধিকাংশ রোগীই দরিদ্র পরিবারের শিশু।