তেল খাতের শেয়ার অফলোড ঠেকাতে বৃহত্তর আন্দোলন
রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোর শেয়ার অফলোড সংক্রান্ত সরকারি পদক্ষেপ ঠেকাতে তেল সেক্টরের আটটি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ তেল ও গ্যাস শ্রমিক ফেডারেশন (বিওজিডব্লিউএফ) আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে।
ফেডারেশন নেতৃবৃন্দ বলেন, তেল খাতের শেয়ার অফলোড করার জন্য সরকার যে ঘোষণা দিয়েছে, তা দেশের লাভজনক এ খাতকে বেসরকারিকরণ করারই কৌশল।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি), এর সাতটি সহযোগী প্রতিষ্ঠান ও একটি গ্যাস ফিল্ড কোম্পানির নেতৃবৃন্দ রোববার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছেন।
তেল খাতের শেয়ার অফলোড করার অংশ হিসেবে সরকার বিপিসি ও এর সাতটি সহযোগী প্রতিষ্ঠানের জন্য অর্থনৈতিক পুনর্গঠন কর্মসূচি গ্রহণ করেছে।
ঢাকায় গত ২৪ আগস্ট জ্বলানি উপদেষ্টা মাহমুদুর রহমান বিপিসি’র সাতটি প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে এসব প্রতিষ্ঠানের অর্থনেতিক পুনর্গঠন কর্মসূচি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সে অনুযায়ী শেয়ার অফলোডের নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ তেল ও গ্যাস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জানে আলম শনিবার বিডিনিউজকে বলেন, চট্টগ্রামে ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে অপর একটি বৈঠকে জ্বালানি উপদেষ্টা বলেছিলেন, ফেডারেশনের নেতাদের সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রায়ত্ত তেল খাতকে বেসরকারিকরণ করা হবে না।
তিনি বলেন, সরকার বিশ্বব্যাংকের চাপে পুঁজি বাড়ানো এবং পুঁজি বাজার স্থিতিশীল করার নামে অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করছে।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তেল খাতকে বেসরকারিকরণ করা মেনে নেওয়া যায় না। যে কোনও মূল্যে তারা এ পদক্ষেপ প্রতিহত করবেন বলে তিনি জানান।
বর্তমান সরকার ২০০১ সালে ক্ষমতা গ্রহণের কিছুদিনের মধ্যেই অন্যান্য রাষ্ট্রায়াত্ত শিল্প-কারখানার মতো বিপিসিকে বেসরকারিকরণ করার ঘোষণা দেয়। এক্ষেত্রে তারা বিপিসিকে অলাভজনক সংস্থা হিসেবে উল্লেখ করে।
ব্যাপক বিক্ষোভের মুখে ২০০৩ সালের মে মাসে তৎকালীন জ্বালানি মন্ত্রী তেল, গ্যাস, জ্বালানি, সড়ক ও নৌ পরিবহন শ্রমিক কর্মচারী কাউন্সিলের সাথে একটি সমঝোতা স্বারক স্বাক্ষর করেন এবং লাভজনক তেল খাতকে বিক্রি করা হবে না বলে ঘোষণা দেন।
ওই চুক্তির পর ২০০৩ সালের ২৪ মে থেকে তেল ও গ্যাস সেক্টরে ৪৮ ঘন্টার যে লাগাতার ধর্মঘট আহ্বান করা হয়েছিল, শ্রমিকরা তা প্রত্যাহার করে নেয়।
তখন থেকে বেসরকারিকরণ প্রক্রিয়া স্থগিত হয়ে আছে।
কিন্তু ওই চুক্তি অগ্রাহ্য করে সরকার সম্প্রতি তিনটি প্রতিষ্ঠানের শেয়ার অফলোড করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে বলে ফেডারেশনের নেতৃবৃন্দ অভিযোগ করেন। অফলোডের তালিকায় থাকা এ তিনটি প্রতিষ্ঠান হচ্ছে, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ও ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেড।
চলতি বছরের ১২ ও ১৩ জানুয়ারি মার্কিন চার প্রতিনিধি চট্টগ্রামের তিনটি তেল কোম্পানি পরিদর্শন করে গেছেন। সেসময় ফেডারেশনের পক্ষ থেকে কঠোর বিক্ষোভের মুখে পড়েন তারা। পরে তাদেরকে তেল খাতের বিদ্যমান অবস্থা সম্পর্কে অবহিত করা হয়।
বিপিসি সূত্র জানায়, আসন্ন অক্টোবরে অর্থনৈতিক পুনর্গঠন কর্মসূচির বিষয়টি চূড়ান্ত করা হবে এবং পরে তেল কোম্পানিগুলোর শেয়ার অফলোড কারার বিষয়টি ঠিক করার জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।
ফেডারেশন নেতৃবৃন্দ বলেন, তেল খাতকে বেসরকারি খাতে ছেড়ে দিলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং বাংলাদেশের তেল খাতের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসমূহ।
