২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি নিহত, সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ

অজ্ঞাত দুস্কৃতকারীদের গুলিতে জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি নিহত হয়েছেন। একই ঘটনায় কলেজ শাখার সাধারণ সম্পাদক গুলিবিদ্ধ হন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2005, 05:50 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর একটার দিকে কলেজ শাখার সভাপতি আরিফুল ইসলাম সোহাগ (২৩) এবং সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ফয়সাল (২২) কলেজ অডিটোরিয়ামের সামনে দাঁড়িয়ে গল্প করছিলো। এ সময় অপরিচিত তিন যুবক এসে সোহাগ কে, জানতে চায়। সোহাগ এ সময় নিজের পরিচয় দিলে দৃস্কৃতকারীরা তাকে গুলি করে। এ সময় ফয়সাল তাকে বাঁচাতে গেলে সেও গুলিবিদ্ধ হয়। এতে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় অন্যান্য ছাত্র এবং ছাত্রদল নেতারা দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

আহত ফয়সাল পুলিশকে জানিয়েছে, সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায় এবং পায়ে হেঁটে স্থান ত্যাগ করে।

সোহাগ ফরিদপুরের আরিচাঘাটের শ্যামপুর থানার জাহিদুল ইসলামের পুত্র। আহত সোহাগ সূত্রাপুর থানার কালতাবাজারের হাজি আব্দুল মজিদের পুত্র।

কি কারণে তাদের গুলি করা হয়েছে, সে ব্যাপারে হাসপাতালে নিহতের আত্মীয় এবং ছাত্রদল নেতারা কিছু জানাতে পারেননি।

বিডিনিউজের সাথে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (পূর্ব) উপ কমিশনার মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার কারণ এখানো জানা যায় নি এবং এর সাথে জড়িত কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত তিনটি বুলেটের খোসা উদ্ধার করেছে।

নতুন করে হামলার ভয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করেছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি বলে জানায় সূত্রাপুর থানা পুলিশ।