২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃচ্ছতা সাধনে রাজী নয় সরকারি অফিস

সরকারি অফিসের কৃচ্ছতা সাধনে অর্থ মন্ত্রণালয়ের কয়েক দফায় নির্দেশ সত্বেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

অনুসন্ধানে জানা যায়, বরং অনুন্নয়ন বাজেট ও সেবা খাতের বরাদ্দের চেয়েও অনেক ব্যয় করা হচ্ছে বিভিন্ন দপ্তরে।

সরকারি অফিসে অনুন্নয়ন বাজেট সরবরাহ ও সেবা খাতের ব্যয় শতকরা ১০ ভাগ হ্রাস করার নিয়ম রয়েছে। কিন্তু সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তাদের দপ্তরগুলোতে এ খাতে বরাদ্দের কয়েক গুন অতিরিক্ত ব্যয় করা হয়।

ওই সব কর্মকর্তারা বদলী হলে দাপ্তরিক রুমে বসার আগেই রুমে সৌন্দর্য বর্ধনের কাজ করিয়ে থাকেন। এমনো উদারহণ আছে, একটি কক্ষে প্রতি বছর সৌন্দর্য বর্ধনেই ৫০ হাজার থেকে এক লাখ টাকা খরচের ভাউচার দেখানো হয়।

জানা যায়, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিব এবং মন্ত্রীর ও সচিবদের পিএস, এপিএসদের প্রয়োজনের চেয়ে একাধিক কম্পিউটার ব্যবহার করতে দেখা যায়। একেকটি কম্পিউটার ক্রয়ে খরচ হয় এক লাখ থেকে দেড় লাখ টাকা। অন্যদিকে অনেক দপ্তরেই কম্পিউটারের অভাব রয়েছে।

উর্ধ্বতন কর্মকর্তাদের অফিসে সভার জন্য আপ্যায়ন খরচ হিসেবে ছয় টাকা ব্যয় নির্ধারণ করা হলেও অনেক অফিসে জনপ্রতি ১০০ টাকা থেকে ১৫০ টাকা ব্যয় করা হয়ে থাকে।

সরকারি অফিসে নিষেধাজ্ঞা রয়েছে গাড়ি কেনার ওপর। প্রয়োজন হলে গাড়ি ভাড়া করার নিয়ম। অবশ্য এ নিয়ম মানতে তেমনভাবে কেউই উৎসাহী নন।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় সরকারি সকল যানবাহন সিএনজিতে রুপান্তরের কথা থাকলেও তা সব অফিসে এখনো মানা হয়নি। ফলে প্রতিবছর বরাদ্দের চেয়ে দ্বিগুন জ্বালানি খরচ হয়।