পাগলের হাসপাতাল নিয়ে সংসদে প্রাণবন্ত আলোচনা
‘পাগলের হাসপাতাল’ নিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রাণবন্ত আলোচনায় মেতে উঠেছিলেন বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির সদস্যরা।
জামায়াতে ইসলামীর সাংসদ মওলানা আবদুস সোবহান এক সিদ্ধান্ত প্রস্তাবে দেশের ছয়টি বিভাগীয় শহরে মানসিক হাসপাতাল স্থাপনের প্রস্তাব করেন।
তিনি উল্লেখ করেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন এলাকায় ‘পাগলের বৃষ্টি’ বয়ে যায়। এতে প্রচুর মানুষ পাগল হলে তৎকালীন সরকার একটি মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করে। দেশে লোকসংখ্যা এখন দ্বিগুনের বেশি হওয়ায় আরও কয়েকটি মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করা প্রয়োজন।
তার এ বক্তব্য সমর্থন করে বিএনপির শামসুল আলম প্রামানিক, সৈয়দ মেহেদী আহমদ রুমী, জাতীয় পার্টির মশিউর রহমান রাঙা ও গোলাম হাবিব দুলাল।
এসময় স্বাস্থ্য পরিবার কল্যান মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘পাগলের বৃষ্টি’ পাবনার ওপর দিয়ে বয়ে যাওয়ায় সেখানে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছিল। তার আশে-পাশের জেলাগুলোতে সেই বৃষ্টি পড়তে পারে। কিন্তু দূরের জেলা কুড়িগ্রামে কি করে সেই বৃষ্টি গেলো, তাই প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রীর বক্তব্য দেওয়ার পর হাস্যরসের সৃষ্টি হয়।
স্বাস্থ্য মন্ত্রীর জবাবে শিল্প মন্ত্রী ও জামায়াতের আমীর মতিউর রহমান নিজামী বলেন, জীবনে একবারই মানসিক হাসপাতালে গিয়েছি। রোগী ছিলেন আমার দুই বন্ধু। তবে তাদের বাড়ি পাবনা নয়, একজনের বাড়ি কুমিল্লা এবং অপরজনের বাড়ি চট্টগ্রামে।
