২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সৎ মায়ের হাতে শিশু এবং রাজবাড়ীতে সহপাঠীর হাতে ছাত্র খুন

লক্ষ্মীপুর সদর এলাকার মতলবপুর গ্রামে সৎ মায়ের হাতে শিশুকন্যা এবং রাজবাড়ীতে সহপাঠীর হাতে নবম শ্রেণীর এক ছাত্র নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

বিডিনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, ফারজানা আক্তার (৬) তার সৎ মা মুক্তা বেগমের হাতে নিহত হয়েছে।

সদর থানা পুলিশ বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশের সুরতহাল রিপোর্টে জানানো হয়, শিশুটির কানের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ ধারণা করছে, ফারজানার সৎ মা তাকে গলাটিপে হত্যা করেছে। পুলিশ মুক্তা বেগমকে আটক করেছে।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দাযের করা হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি জানান, শিক্ষকদের কাছে নালিশ করায় ক্ষুব্ধ হয়ে রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দুই ছাত্র তাদের সহপাঠী শরিফুল আলমকে (১৪) জবাই করে হত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের সজ্জনকান্দার একটি ডোবা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ শরিফুলের হত্যাকারী সহপাঠী মুসফিকুর রহমান সানি (১৪) ও তারেক শেখ টিপুকে (১৪) গ্রেফতার করেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে সানি ও টিপু হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।

সানি ও টিপুর নিয়মিত ক্লাস ফাঁকি দেওয়ার বিষয়টি শিক্ষকদের জানালে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে বিদ্যালয় থেকে বহিস্কার করা হবে বলে সতর্ক করে দেয়। এ কারণে তারা হত্যাকাণ্ড ঘটায়।

এ ব্যাপারে রাজবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।