কিশোরগঞ্জে বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ১
কিশোরগঞ্জের নিকলী উপজেলার গুরুই গ্রাম থেকে বুধবার রাত ১১ টার দিকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র এক ক্যাডার গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত ক্যাডার ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঠালরাজবাড়ি গ্রামের মৃত নূরুল আমিনের পুত্র ওবায়দুল্লাহ সুমন (২৩)।
উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে চার কেজি গান পাউডার, ৫০টি ডেটোনেটর ও ১২টি প্লাস্টিকের মোড়ানো ১০ইঞ্চি লম্বা পাওয়ারজেল।
কিশোরগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, বুধবার কিশোরগঞ্জ রেল স্টেশনে জেএমবি’র অপারেশন কমান্ডার আয়াতুল্লাহ তাকে এগুলো দিয়ে বাজিতপুর উপজেলার হিলচিয়া এলাকার সেনাবাহিনীর আবসরপ্রাপ্ত সদস্য হারুন-অর-রশিদের কাছে পৌঁছে দেবার কথা বলে। কিন্তু ওই এলাকায় হারুনকে না পেয়ে পাশবর্র্তী গুরুই এলাকায় এক বাড়িতে আশ্রয় নিতে গেলে বাড়ির মালিক ও স্থানীয় ইউপি মেম্বার তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে সে আরও জানায়, জামালপুর জেলার সরিষাবাড়িতে এক বছর আগে যমুনার তীরে একটি চর এলাকায় সায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের সাথে তার দেখা হয়। সে ঢাকার মীরবাগ মোহাম্মাদীয়া মাদ্রাসায় লেখাপড়া করেছে।
পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম জানান, তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। এ ব্যাপারে নিকলী থানায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ (খ) ৬ ধারায় মামলা হয়েছে।
