ঢাবি’র সূর্যসেন হল থেকে ১ ছাত্র ও ১ বহিরাগতকে জঙ্গি সন্দেহে গ্রেফতার
ডিবি পুলিশ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ১৭৭ নম্বর কক্ষ থেকে একজন ছাত্র এবং এক বহিরাগতকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে।
অভিযানকালে সূর্যসেন এবং স্যর এএফ রহমান হল থেকে বিপুল পরিমাণ লিফলেট এবং বারোটি বই উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-অর্থনীতি বিভাগের ছাত্র মোতালেব হোসেন এবং বকুল নামে এক বহিরাগত যুবক।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার সফিক বিডিনিউজকে বলেন, স্যর এএফ রহমান হলে কিছু পাওয়া যায়নি। তিনি আরও জানান, ওই দুজন ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্যে নেয়া হয়েছে।
উদ্ধারকৃত এসব বই এবং লিফলেট পরীক্ষা করে দেখা হবে বলে তিনি জানান।
সূর্যসেন হলের প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানায়, উদ্ধারকৃত বইগুলোর একটির নাম ‘আহলে হাদীস গঠনতন্ত্র’ এবং লিফলেটগুলোর মধ্যে ‘আব্দুর রহমান’-নাম লেখা রয়েছে।
তবে এটি শায়খ আব্দুর রহমানের নাম কিনা, সে ব্যাপারে নিশ্চিত নন বলে সূর্যসেন হলের প্রাধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান।
সূর্যসেন হলের ছাত্ররা জানান, ওই রুমে প্রায় চৌদ্দ জন ছাত্র থাকতো। তবে বেশ কিছুদিন ধরে ওই রুমে রাতে স›েহজনক ব্যক্তিদের দেখা যেত। বুধবার তারা সন্দেহজনক ব্যক্তিদের গোপন বৈঠকের খবর পেয়ে ওই রুম থেকে লিফলেট এবং বই উদ্ধার করে।
জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা জানান, ওই রুমে প্রায়ই অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যেত। ব্যাপারটি তারা হলের প্রাধ্যক্ষকে জানান।
অধ্যাপক সিরাজুল ইসলাম জানান, তিনি এ ব্যাপারে অবগত হওয়ার সাথে সাথে তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন।
জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির ওই জঙ্গি কর্মকাণ্ডে জড়িত বলে হলের অনেক ছাত্র সন্দেহ প্রকাশ করেছে।
তবে অধ্যাপক সিরাজুল ইসলাম এ ব্যাপারে কারা জড়িত থাকতে পারে, তা জানেন না বলে জানান।
