২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উকিল নোটিশ

বাংলাদেশে র‌্যাব দিয়ে বিনা বিচারে মানুষ হত্যা ও মানবাধিকার লংঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের একটি সংগঠন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ইন্টারন্যাশনাল কমিটি ফর হিউম্যান রাইটস ইন বাংলাদেশ-এর পক্ষে অ্যাটর্নি থমাস টি কিটিং বাংলাদেশ কনস্যুলেট ভবন ও গ্রান্ড হায়াত হোটেলে এই উকিল নোটিশ পাঠান। জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নিউ ইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন।

প্রবাসী বাংলাদেশী পেশাজীবী ও বুদ্ধিজীবীদের ওই সংগঠন সূত্রে জানা গেছে, এক মাসের মধ্যে এই উকিল নোটিশের সন্তোষজনক উত্তর পাওয়া না গেলে তারা

আন্তর্জাতিক আদালতে মামলা করবে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ করে সরকারের ওপর চাপ সৃষ্টি করবে।

মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে কিটিং বলেন, বাংলাদেশে র‌্যাব, কোবরা ও চিতার মত পুলিশের বিশেষ বাহিনী বিচার বহির্ভূতভাবে মানুষ খুন করে মানবাধিকার লঙ্ঘন করছে। এই দায় দায়িত্ব সরকারের ওপরও বর্তায়। তাই সরকারের প্রধান হিসেবে আমরা খালেদা জিয়াকে উকিল নোটিশ পাঠিয়েছি।

অ্যাটর্নি কিটিং ১৯৯২ সালে যুদ্ধাপরাধের অভিযোগে গণআদালতে গোলাম আজমের বিচারের সময় ঢাকা এসেছিলেন।

কিটিং বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে কঠোর সমালোচনা হচ্ছে। তিনি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যে কোনও দেশের সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিবাদের উত্থান ও সাম্প্রতিককালে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ঘটনা প্রমাণ করে বাংলাদেশের পরিস্থিতি আফগানিস্তানের মতোই।

বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করা যায় না। তাহলে কিভাবে তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন। এ প্রশ্নর উত্তরে সংবাদ সম্মেলনের আয়োজকরা বলেন, বাংলাদেশে কেউই আইনের উর্ধ্বে নয়।

কিটিং বলেন, গণহত্যার অভিযোগে যদি বসনিয়া ও যুগোস্লাভিয়ার সরকার প্রধানকে বিচারের আওতায় আনা হয়, তাহলে র‌্যাবের বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে কেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা যাবে না।

তারা র‌্যাব, চিতা ও কোবরার বিচার বহির্ভূত হত্যা তদন্তে আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শিতাংশু গুহ, প্রকৌশলী শরাফত আলী, অধ্যাপক খালিদ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ড. মোহসীন আলী, মানবাধিকার কর্মী রতন বড়ুয়া, চন্দন দত্ত, মোহম্মদ আলী সিদ্দিকী, হাজী এনাম এবং মেসবাহ আহমেদ।