বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ৪ জেলে নিখোঁজ, দেশের দক্ষিণাঞ্চলে নৌ নিষেধাজ্ঞা অব্যাহত
বঙ্গোপসাগরে একটি মাছ বোঝাই ট্রলার ডুবির ঘটনায় চার জেলে নিখোঁজ হয়েছে।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটেছে। এদিকে দেশের দক্ষিণাঞ্চলে অভ্যন্তরীন নৌ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত আছে।
দুযোর্গপূর্ন আবহাওয়ার কারণে টানা ৩১ ঘন্টা বরিশালের অভ্যন্তরীন ২৮ টি রুটে এম,এল টাইপের (৬৫ ফুটের কম দীর্ঘ ) লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার বিকালে মহিপুর মৎস্য বন্দরে ফিরে এসে আব্বাস কাজী বিডিনিউজকে জানান, সোমবার রাতে তার ট্রলারটি মাছ বোঝাই করে মৎস্য বন্দরের দিকে ফিরছিল। এ সময় ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। বাচ্চু মাঝির ট্রলারের মাধ্যমে সে তীরে ফিরে আসে।
নিখোঁজ জেলেরা হল ইউনুছ (২৮), জাফর (২৯), জাহাঙ্গীর (২৬) ও ইসমাইল (৩০)। নিখোঁজ জেলেদের সলিল সমাধির ঘটেছে বলে আশংকা করা হচ্ছে।
বরিশাল নৌ বন্দর কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজকে বলেছেন, সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত থাকার কারণে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। যা এখন বলবদ রয়েছে।
