স্থানীয় উদ্যোক্তাদের সমস্যা পর্যবেক্ষণে উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল চট্টগ্রাম আসছেন
বিশ্বব্যাংকের সাউথ এশিয়ান এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিজ (এসইডিএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশ সরকারের ১০টি মন্ত্রণালয় ও বিশ্বব্যাংকের ৩৮ সদস্যের উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দল বুধবার চটগ্রাম সফর করবেন।
বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) সূত্র জানিয়েছে, স্থানীয় উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সরেজমিনে চিহ্নিত করে এসব সমস্যা নিরসনে সরকারের কাছে সুপারিশমালা পেশ করার জন্যে বিশ্বব্যাংকের এসইডিএফ প্রকল্পের আওতায় এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা সফরকালে চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে উম্মুক্ত আলোচনা ছাড়াও সমুদ্র বন্দর, রাজস্ব বিভাগ এবং ইপিজেড এর কর্মকাণ্ড সরেজমিনে প্রত্যক্ষ করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ, বাণিজ্য, জ্বালানী, সংস্থাপন, যোগাযোগ, বন ও পরিবেশ, এবং নৌ পরিবহন মন্ত্রণালয় ছাড়াও বেপজা, ইপিবি ও বিনিয়োগ বোর্ডের ৩৫ জন উর্ধ্বতন কর্মকর্তা ও বিশ্বব্যাংকের তিন জন কর্মকর্তার সমন্বয়ে এ প্রতিনিধি দল গঠন করা হয়েছে।
বিওআই সরকারি এ প্রতিনিধি দলের সফর কর্মসূচির সমন্বয় করছে। বিওআই এর পরিচালক মামদুদ হোসেন আলমগীর গ্রুপ কো-অডিনেটর এর দায়িত্ব পালন করবেন।
বিওআই সূত্র জানিয়েছে, প্রতিনিধি দলের সদস্যরা বুধবার দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) মিলনায়তনে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন।
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।
সিসিসিআই এর সভাপতি সাইফুজ্জামান চৌধুরি বিডিনিউজকে বলেছেন, প্রতিনিধি দলের এ সফরের মধ্যে দিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকতাদের এই প্রথম বারের মত স্থানীয় উদ্যোক্তদের সমস্যা সরেজমিনে প্রত্যক্ষ করার সুযোগ হবে।
