দীর্ঘ ৩৩ মাস পর বুধবার থেকে খুলনা হার্ডবোর্ড মিল পুনরায় চালু হচ্ছে
দীর্ঘ ৩৩ মাস বন্ধ থাকার পর বুধবার থেকে দেশের একমাত্র হার্ড বোর্ড কারখানা খুলনা হার্ডবোর্ড মিলে পুনরায় উৎপাদন শুরু হচ্ছে। এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষামূলক উৎপাদনের কাজও এগিয়ে চলছে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামসুল হক বিডিনিউজকে জানান, শিল্প মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী বাণিজ্যিক উৎপাদনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
দেশে বর্তমানে এক কোটি ৪০ থেকে ৭০ লাখ স্কয়ার ফুট হার্ডবোর্ডের চাহিদা থাকলেও খুলনা হার্ডবোর্ড মিলের বার্ষিক উৎপাদন ক্ষমতা রয়েছে দুই কোটি ১০ লাখ স্কয়ার ফুট। অর্থাৎ বিদেশী হার্ডবোর্ড আমদানি বন্ধ করা হলে খুলনা হার্ডবোর্ড মিলই দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনে সক্ষম হবে।
এ ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করলে খুলনা হার্ডবোর্ড মিলই পারে দেশের গৌরব বজায় রাখতে।
হার্ডবোর্ড মিলের বাণিজ্যিক উৎপাদনের প্রাক্কালে এ ধরনেরই আভাস দিয়েছেন মিলের সাথে সংশ্লিষ্ট একাধিক সূত্র।
সূত্র জানায়, বিদেশী হার্ডবোর্ড আমদানির ক্ষেত্রে পিএসআই’র পরিবর্তে ট্যারিফ প্রথা চালু করতে না পারলে এ কারখানাটি লাভের পরিবর্তে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হতে পারে বলে আশংকা রয়েছে। কেননা ট্যারিফ প্রথা চালু করলে আণ্ডার ইনভয়েসিং ও আণ্ডার কোয়ানটিটি ডিক্লারেশনের মাধ্যমে বিদেশী হার্ডবোর্ড আমদানি করে কম দামে বিক্রির সুযোগ থাকবে না। আবার পিএসআই’র পরিবর্তে চার ডলার ট্যারিফ নির্ধারণ করা হলে কর ফাঁকি দিয়ে হার্ডবোর্ড আমদানি করে কম দামে বিক্রির সুযোগ থাকবে না। ফলে দেশীয় এ শিল্প প্রতিষ্ঠানটি লোকসান হওয়ার পরিবর্তে টিকে থাকতে পারবে বলে আশা করা হচ্ছে।
তাছাড়া খুলনা হার্ডবোর্ড মিল যদি বাংলাদেশের চাহিদা মেটাতে পারে তাহলে বিদেশী হার্ডবোর্ড আমদানির কোন প্রয়োজনই থাকবে না। সেক্ষেত্রে ট্যারিফ বাড়িয়ে বিদেশী হার্ডবোর্ড পরিহার করা যেতে পারে বলেও বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।
এছাড়া ফার্নেস অয়েল নির্ভর এ কারখানাটি টিকিয়ে রাখতে আগের মত ছয় টাকা লিটার দরে তেল দেওয়ার ব্যবস্থা করা হলে কারখানাটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবেই বিবেচিত হবে।
আবার এ মিলের কাঁচামাল সুন্দরবনের আগামরা কাঠের ডালপালা দেওয়ার ব্যবস্থা না করা হলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার ফলেও মিলটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সংশ্লিষ্টরা আশংকা করছেন।
জানা যায়, বাংলাদেশ কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত খুলনা হার্ডবোর্ড মিলটি ২০০২ সালের ১৫ ডিসেম্বর থেকে পে-অফ ভিত্তিতে বন্ধ হওয়ার পর শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে বিসিআইসি’র নিজস্ব অর্থায়নে পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৫ এপ্রিল থেকে মিলটি পরীক্ষামূলক উৎপাদনে যায়। এ পর্যন্ত পরীক্ষামূলক উৎপাদনে মিল থেকে ২৫ হাজার পিস হার্ডবোর্ড উৎপাদন করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
