২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নাগরিকের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মার্কিন দূতাবাস কর্মকর্তারা সিলেটে

দেশজুড়ে সিরিজ বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে সিলেটে র‌্যাবের হাতে আটক বাংলাদেশী বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের নাগরিক ইদ্রিস মিয়ার বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্যে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা সোমবার সিলেট সফর করেছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

তারা বিকেলে কেন্দ্রীয় কারাগারে আটক ইদ্রিস মিয়ার সাথে প্রায় দেড় ঘন্টা কথা বলেন। এছাড়াও তারা কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুরুল করিমসহ মামলার সাথে সংশ্লিষ্ট ক’জন কর্মকর্তার সাথে আলাপ করেন।

কারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, জেল কোডের কারণে এবং তদন্তের স্বার্থে এ ব্যাপারে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না।

দূতাবাস কর্মকর্তারা ইদ্রিসের স্ত্রীর সঙ্গেও টেলিফোনে আলাপ করেন।

র‌্যাব সদস্যরা ইদ্রিসকে ৭ সেপ্টেম্বর সিলেট নগরীর শেখঘাটের বাসা থেকে আটক করে। পরে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলায় জড়িতদের অর্থ যোগানের অভিযোগ এনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।

অন্যদিকে সিলেট প্রেসক্লাবে সোমবার ইদ্রিস মিয়ার স্ত্রী আমিনা বেগম সংবাদ সম্মেলন আয়োজন করেন। সম্মেলনে তিনি তার স্বামীকে নির্দোষ দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ইদ্রিস আলীর বাড়ি চাঁদপুর জেলার আশিকানিতে। নিজ গ্রামের মানুষের অনুরোধে ইদ্রিস মিয়া ২০০৩ সাল থেকে দীর্ঘদিনের পুরনো আশিকানি মাদ্রাসার একজন শিক্ষকের মাসিক বেতনের ব্যয়ভার গ্রহণ করেন। এ কারণে এলাকাবাসী ওই মাদ্রাসাটি তার নামে নামকরণ করে। মাদ্রাসায় তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এছাড়া অন্য কোনওভাবে ইদ্রিস মিয়া মাদ্রাসাটির সঙ্গে জড়িত নন।

আমিনা বেগম অবিলম্বে তার স্বামীর মুক্তি এবং শারীরিক মানসিক ক্ষতিপূরণ দাবি করেন।

কোতোয়ালি থানায় দায়ের করা মামলার শুনানি ১১ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও অজ্ঞাত কারণে তা অনুষ্ঠিত হয়নি।