পরিবেশ বিষয়ক ইন্সটিটিউট প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা কামনা
দেশের পরিবেশ উন্নয়নে পরিবেশ বিষয়ক একটি ইন্সটিটিউট প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাতসুশিরো হরিগুচি সোমবার পরিবেশ ও বনমন্ত্রী তরিকুল ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে মন্ত্রী হরিগুচির কাছে এ ব্যাপারে সহযোগিতা চান।
তরিকুল ইসলাম বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করে আরও বেশি জাপানি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সাক্ষাৎকালে তাদের মধ্যে পরিবেশসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পরিবেশ ও বনমন্ত্রী বন্ধুপ্রতীম এ দু’টি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, কেবল জাতীয় ইস্যুই নয়, আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও এশিয়ার বন্ধুপ্রতীম এ দেশ দু’টি অভিন্ন ভূমিকা পালন করে আসছে।
তরিকুল ইসলাম বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশে জাপানের সহযোগিতা আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে গতিশীল করেছে।
মাতসুশিরো হরিগুচি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে পরিবেশ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরী এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক খান এম ইব্রাহীম হোসেন উপস্থিত ছিলেন।
