সংসদ বয়কট করা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক: স্পিকার
সংসদ বয়কট করা অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। এর ফলে সংসদীয় গণতন্ত্র বাধাগ্রস্ত হয়।
জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রোববার নগরীর হোটেল শেরাটনে জাতীয় সংসদ এবং ইউএনডিপি’র যৌথ আয়োজনে ‘সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ’ (এসপিডি) প্রকল্পের আওতায় নব নির্বাচিত নারী সাংসদদের ওরিয়েন্টেশন প্রোগামে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন পেশায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। নব নির্বাচিত নারী সাংসদরা সফলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময়ে তিনি বাংলাদেশের সংবিধান, কার্যপ্রণালী বিধি, সংসদীয় চর্চা, গণতন্ত্রের উত্তরণ এবং রাষ্ট্রের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
জাতীয় সংসদের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু নকি রিজওয়ানুল হকের সভাপতিত্বে ‘বাংলাদেশ সংবিধান-মূল বৈশিষ্ট্য’ শীর্ষক আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন এসপিডি বিশেষজ্ঞ ড. এটিএম ওবায়দুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মঈনুল হোসেন এভং ইউএনডিপি, বাংলাদেশেন আবাসিক প্রতিনিধি ল্যারি মেরামিস বক্তব্য রাখেন।
