বাংলা ভাই ও আব্দুর রহমানের সম্ভাব্য ছদ্মবেশী ছবিসহ লিফলেট বিলি
নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের শীর্ষ নেতা আবদুর রহমান এবং জাগ্রত মুসলিম জনতার প্রধান বাংলাভাইকে ধরিয়ে দেওয়ার জন্যে তাদের বিভিন্ন সাজের ছবিসহ রোববার একটি লিফলেট প্রকাশ করেছে পুলিশ সদর দপ্তর।
ইমেইলে পিআইডির সরবরাহ করা এ লিফলেটের শিরোনামে বলা হয়েছে ‘এদের ধরিয়ে দিন’।
লিফলেটে মাওলানা আবদুর রহমান ও বাংলাভাই হিসেবে পরিচিত সিদ্দিকুল ইসলামের পাঁচটি করে সম্ভাব্য ছদ্মবেশের ছবি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে কোট-টাই পরা, টুপি জোব্বা পরা দাড়িওয়ালা ছবি, ফ্রেঞ্চকাট দাড়ি, ন্যাড়া মাথা ক্লিন সেভড ও চশমা পরা ছবি রয়েছে। এছাড়া লিফলেটে ২৮টি টেলিফোন নাম্বার, ২৮টি মোবাইল ফোন নাম্বার, ২৮টি ফ্যাক্স নাম্বার এবং ১২টি ইমেইল ঠিকানা উল্লেখ করা হয়েছে।
লিফলেটে বলা হয়েছে, ১৭ আগস্ট ২০০৫ রাজধানী ঢাকাসহ দেশের জেলা শহরগুলোতে পরিকল্পিত বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মাওলানা মো. আ. রহমান ওরফে এহসান মাওলানা ওরফে এহসান এবং মো. সিদ্দিকুল ইসলাম ওরফে সিদ্দিকুর ওরফে আজিজুল ইসলাম ওরফে ওমর আলী লিটু ওরফে তথাকথিত বাংলা ভাইকে ধরিয়ে দিন।
লিফলেটে আরও বলা হয়, ‘আপনার দেওয়া মূল্যবান তথ্য এদের সনাক্ত করতে ও ধরিয়ে দিতে সাহায্য করবে। সঠিক তথ্য প্রদানকারীকে উপযুক্ত আর্থিক পুরস্কার দেওয়া হবে এবং পরিচয় সম্পূর্ণ গোপন করা হবে।
তবে পুরস্কারের অংক কত হবে, তা এ লিফলেটে উল্লেখ করা হয়নি।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৭ আগস্ট জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগের মাত্র ২ঘন্টা পর দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সোমবার প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রক্কালে জামা’আতুল মুজাহিদীনের দুই শীর্ষ নেতার ছবিসহ এ লিফলেট প্রকাশ করলো সরকার।
