২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2005, 05:19 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

ঢাকা রিপোটার্স ইউনিটিতে রোববার ‘যথাযথ আইনী সহায়তা পারে অভিবাসী কর্মীর অধিকার নিশ্চিত করতে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এতে বলা হয়, প্রবাসী বাঙালিরা মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে নানা হয়রানির শিকার হলেও বাংলাদেশী শ্রমিকদের স্বার্থ রক্ষায় কুয়লালামপুরে বাংলাদেশের হাইকমিশনার তাদের কোনও সহযোগিতাতো করছেনই না বরং উল্টো দুর্ব্যবহার করেন।

শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম (শিসউক) এবং অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য ইস্যুতে কর্মরত ফোরাম-কারাম-এশিয়া আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিসউক’র প্রকল্প ব্যবস্থাপক শাকিরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে বলা হয়, মালয়েশিয়ার ‘চুং ওয়াহ প্লাস্টিক’ কোম্পানির ১২৭ এবং লিনসুন কোম্পানির

১১৪ জন শ্রমিককে চুক্তি অনুযায়ী বেতনভাতা, নির্ধারিত মজুরি ও অন্যান্য সুবিধা না দেওয়ার অভিযোগে তারা সে দেশের শ্রম আদালতে মামলা করেন। একাধিক শুনানি শেষে আদালত বাংলাদেশী শ্রমিকদের পক্ষে ক্ষতিপূরণের রায় দেন। কিন্তু রায় দেওয়ার পরও মালিক পক্ষের অসহযোগিতা ও ছলচাতুরির কারণে টাকা আদায়ে দেরি হচ্ছে।

এতে আরও জানানো হয়, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং ইমিগ্রেশন থেকে অন্যত্র কাজ করার অনুমতি না দেওয়ায় শ্রমিকরা দেশে ফিরে আসতে বাধ্য হয়। সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে লিনসুনের বিরুদ্ধে মামলাটি চালানো যাচ্ছে না।

শ্রমিকদের দাবি, অন্যান্য দেশের দূতাবাস বিদেশে নিজ নিজ দেশের নাগরিকদের স্বার্থ রক্ষায় যেভাবে এগিয়ে আসে, তেমনি আমাদের অভিবাসী শ্রমিকদের সহযোগিতায়ও সরকার তথা দূতাবাসের এগিয়ে আসা উচিত।

এদিকে চুংওয়াহ প্লাস্টিক কোম্পানির ৩৭ জন শ্রমিককে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানি দুটির ফিরে আসা শ্রমিক উকিল উদ্দিন, খোরশেদুর রহমান, আব্দুস সালাম হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ।