২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যারা বাংলাদেশকে উগ্রবাদী দেশ হিসেবে চিহ্নিত করতে চায়, তারাই ১৭ আগস্ট বোমা হামলা করেছে: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, যারা বাংলাদেশকে উগ্রবাদে আক্রান্ত দেশ হিসেবে চিহ্নিত করতে চায়, যারা উদার গণতান্ত্রিক দেশে হিসেবে বাংলাদেশের অস্তিত্ব মেনে নিতে চায় না, সমৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রগতিতে যারা ঈর্ষান্বিত, তারাই ১৭ আগস্টের বোমা হামলা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

বৃহস্পতিবার অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশনের উদ্বোধনী দিনে ১৭ আগস্ট বোমা হামলা সম্পর্কে সংসদে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, হামলাকারী যে-ই হোক, তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর সাথে দেশের নিরাপত্তা ও সম্প্রীতির বিষয় জড়িত রয়েছে। ইতোমধ্যে সরকার হামলাকারীদের সম্পর্কে নিশ্চিত হয়েছে। শিগগিরই ষড়যন্ত্রকারীদেরও খুঁজে বের করে বিচারের সম্মুখীন করা হবে।

তিনি বোমা ও সন্ত্রাস নির্মূলে আইন সংস্কার বা নতুন আইন প্রণয়নেরও প্রস্তাব করেন।

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, বোমা হামলার ঘটনা দেশে এটিই প্রথম নয়। এর আগেও দেশে বোমা হামলা হয়েছে। বিগত সরকার আমলে দেশে বোমা সন্ত্রাসের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এবারের বোমা হামলার চরিত্র ভিন্ন রকমের। এবারের হামলাকারীরা তাদের অপকর্মে শান্তির ধর্ম ইসলামের নাম ব্যবহার করেছে।

তিনি বলেন, ১৭ আগস্টের হামলাকারীরা ধর্মের আড়ালে নিজেদের লুকানোর চেষ্টা করছে। কোনো মুখোশেই তারা নিজেদের লুকাতে পারবে না। হামলাকারী ও ষড়যন্ত্রকারী কেউ ছাড়া পাবে না। তবে নির্দোষ কাউকেই সরকার হয়রানি করবে না। কোনো চাপের কাছে আমরা কখনোও পরাভূত হইনি, ভবিষ্যতেও হবো না। প্রয়োজনে দেশীয় গোয়েন্দাদের পাশাপাশি বন্ধু রাষ্ট্রের সহায়তা নেয়া হবে।

এ প্রসঙ্গে তিনি হরতালের নামে বোমাবাজির কথা উল্লেখ করে বলেন, দেশে গণতান্ত্রিক অধিকারের নামে, হরতালের নামে যারা বোমাবাজি করছে, এ বোমা হামলার সাথে তাদের পার্থক্য করবো কীভাবে?

তিনি জোট সরকার ক্ষমতায় আসার পর সন্ত্রাসীদের গ্রেফতার, সন্ত্রাস নির্মূল ও অপরাধীদের বিচারে গৃহীত পদক্ষেপের বর্ণনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৭ আগস্ট ৬৩ জেলায় বোমা হামলায় পর দেশের গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতা, ক্ষিপ্রতা ও কার্যকারিতা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন। ক্ষোভের কারণেই তারা এটি করেছেন। বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী সীমিত সামর্থ্যরে মধ্যে দক্ষতার সাথে কাজ করছে। তাদের উল্লেখ করার মতো সাফল্যও রয়েছে।

বিভিন্ন ধরনের সন্ত্রাস এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও সন্ত্রাস দমনে নতুন কিছু ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। এর জন্যে দেশবাসীর সমর্থন দরকার।

তিনি বলেন, বাংলাদেশে সাংবিধানিক শাসন রয়েছে। কেউ যদি শাসন ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে চায়, তাহলে তার জন্যেও ভোটারদের কাছে যেতে হবে। বোমাবাজি কিংবা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নয়, ভোটের মাধ্যমে সে চেষ্টা করতে হবে। জনগণ যদি কোনো পরিবর্তন চায়, তাহলে সেটি ভোটের ব্যালটের মাধ্যমেই জানিয়ে দেবে।

বেগম জিয়া বলেন, অনেক ত্যাগের মাধ্যমে জনগণ তাদের ভোটের অধিকার অর্জন করেছে। এ অধিকার কেউ খর্ব করতে পারবে না। ব্যালটের পথ ছেড়ে যারা বোমাবাজির পথ ধরে, সমাজে, রাজনীতিতে, জনগণের মধ্যে তাদের কোনো ভিত্তি নেই। ১৪ কোটি মানুষকেই সারভেইল্যান্স সিস্টেম এবং তাদের চোখগুলোকে সিসিটিভিতে পরিণত করতে হবে।

তিনি বলেন, ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী দলগুলো জোট সরকারের সাথে রয়েছে। তিনি অন্য ধর্মভিত্তিক দলগুলোকেও গণতান্ত্রিক রাজনীতির প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানান।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের কৃতিত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীবলেন, যুক্তরাষ্ট্রে হ্যারিকেন ক্যাটরিনায় সম্প্রতি অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করছে। পশ্চিমা বিশ্বে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক বহু প্রচারণা থাকলেও এ নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে।

তিনি বিরোধী দলগুলোর প্রতি বিভেদ ও বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে বলেন, সরকার সকলের নিরাপত্তার জন্যে কাজ করছে। নিরাপত্তার কথা বলে ঘরে বসে থাকলে চলবে না। সংসদে আসুন, আলোচনা করি। আপনাদের পরামর্শও শুনতে চাই। বিভেদ-বিভাজন ও বিদ্বেষের রাজনীতি ত্যাগ করতে হবে। আমাদের মাঝে সাধারণ সমঝোতা ও ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও বোমাবাজি দূর করে দেশকে গড়ে তুলতে হবে।