২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আটক জেএমবি নেতা গাজী আব্দুল্লাহ ৮ দিনের রিমান্ডে

বাগেরহাটে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত চিতলমারীর শৈলদহ মাদ্রাসার শিক্ষক এবং জেএমবি নেতা মাওলানা গাজী আব্দুল্লাহকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে বুধবার আট দিনের রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:06 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

এদিকে বর্তমানে রিমান্ডে থাকা আহলে হাদিস যুব সংঘের বাগেরহাট জেলা সভাপতি জুবায়ের এখনও পুলিশকে কোনও তথ্য দেয়নি।

অন্যদিকে মোল্লাহাট থেকে মঙ্গলবার আটক আহলে হাদিস মসজিদের ইমাম দাউদ শেখকে পুলিশ বুধবার পর্যন্ত কোনও মামলায় গ্রেফতার করেনি। পুলিশ জানিয়েছে, এ মামলায় আটক কয়েকজনকে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে।

পুলিশ জানায়, ১৭ আগস্টের বোমা হামলার মামলায় গ্রেফতারকৃত আব্দুল্লাহকে বুধবার নয় দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে হাজির করলে আদালত তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামের আল্ মারকাজুল ইসলামী আস্ সালাফী মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষক জেএমবি নেতা বারকাতুল্লাহ আল্ মোর্শেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্রে বোমা সরবরাহকারী হিসেবে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করেছিল। এ পর্যন্ত বাগেরহাটের এ বোমা হামলার মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানিয়েছেন, বাগেরহাটে বোমা হামলার মামলায় গ্রেফতারকৃতদের কয়েকজনকে ঢাকায় জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) পাঠানো হবে।