চুয়াডাঙ্গায় আটক তিন জেএমবি নেতা আবারো ২ দিনের রিমাণ্ডে
চুয়াডাঙ্গায় গ্রেপ্তারকৃত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) তিন শীর্ষ নেতাকে বুধবার আবারও দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আদালতে সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
আটককৃত জেএমবি নেতারা হচ্ছে শহরের রূপছায়া সিনেমা হল পাড়ার আব্দুর রহমানের ছেলে জেএমবি’র জেলা কমান্ডার আরিফ খন্দকার, দৌলতদিয়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে জেএমবি’র জেলা যুগ্ম কমান্ডার আলসানি এবং রেলপাড়ার মিন্টু মিয়ার ছেলে জেএমবি’র জেলা সহকারী কমান্ডার সুমন।
পুলিশ ও গোয়েন্দারা ২০, ২১ ও ২২ আগস্ট শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছিল।
এর আগে আরিফ খন্দকারকে পাঁচ দফায় এবং বাকি দু’জনকে চার দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে জেএমবি’র সাথে জড়িত থাকার কথা স্বীকার করলেও তারা কেউ ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে মুখ খোলেনি।
