ভৈরব ও আশুগঞ্জে ১২ হাজারের বেশি চাতাল কন্যা শ্রমবৈষম্যের শিকার
দেশের যেকোনও স্থানের চেয়ে বয়লার রাইস মিল সমৃদ্ধ এলাকা ভৈরব-আশুগঞ্জে দিনরাত খেটেও মানবেতর জীবনযাপন করছে হাজার হাজার নারী শ্রমিক।
আশুগঞ্জের তিন শতাধিক এবং ভৈরবের অর্ধশতাধিক বয়লার রাইস মিলে কর্মরত কমপক্ষে ১২ হাজার নারী শ্রমিক ( চাতাল কন্যা) মাত্র ১৫ থেকে ১৬ টাকা মজুরিতে কাজ করে যাচ্ছে দিনের পর দিন। এই সামান্য আয়ে তারা অন্ধকার জরাজীর্ণ স্যাঁতস্যাতে ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে আধপেটা খেয়ে যাপন করছে মানবেতর জীবন। প্রত্যেক নারী শ্রমিকের ওপর নির্ভর করে আছে তাদের পরিবারের ৪-৫ জন সদস্য।
স্থানীয়ভাবে চাতাল বলে পরিচিত রাইসমিলগুলোতে কর্মরত নারী শ্রমিকরা চাতাল কন্যা নামেই পরিচিত। নদীবন্দর, নৌ ও সড়ক পথে অনুকূল যোগাযোগ ব্যবস্থা এবং সর্বোপরি সস্তা নারী শ্রমিক প্রাপ্তির সুবিধার কারণে বয়লার রাইস শিল্প ভৈরবে বিশেষ করে আশুগঞ্জে দ্রুত ছড়িয়ে পড়েছে। কিন্তু নারী শ্রমিকরা হচ্ছে সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত।
তাদের অনেকে জানে না পরিবার পরিকল্পনা কি। এদের বেশির ভাগই ৪-৫টি সন্তানের মা এবং দিনে একবেলাও খেতে দিতে ব্যার্থ স্বামীরা তাদের ত্যাগ করছে। চাতাল কন্যাদের শিশুদের বেশিরভাগ মৃত্যু হচ্ছে পানিবাহিত রোগে। নিজেদের তো দূরের কথা সন্তানদের জন্যেও তার পাচ্ছে না কোন শিক্ষা সুবিধা।
এসব চাতাল কন্যাদের বেশিরভাগই আসে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বরিশালের আমতলি, ফরিদপুরের নড়িয়া এবং কায়রা অঞ্চলের দারিদ্র্য পীড়িত এলাকাগুলো থেকে। প্রতিমণ সেদ্ধ ধান সাড়ে চার টাকা, আতপ চাল ৬ টাকা এবং হাতল বয়লারে ৭ টাকা হারে পারিশ্রমিক পায় নারী শ্যমিকরা। একজন সর্দারের অধীনে ধান শুকানো, মিলে ধান ভাঙানো, চাল করে বাজারজাত করা হল নারী শ্রমিকদের প্রধান কাজ। ৫০-৬০ জন নারী শ্রমিকের বিপরীতে পুরুষ শ্রমিক থাকে মাত্র ১৫-১৬ জন। চাতালে ধান ভানা, ধান ছাড়ানো ও সেদ্ধ করা পুরুষ শ্রমিকের কাজ হলেও নারী শ্রমিকদেরও এগুলো করতে হয়।
চাতাল কর্মী লতিফা বেগম, করিমন বেগম, আয়শা খাতুন শামসুন্নাহার, মাজেদা বেগম ও সুরজাহান বিডিনিউজ প্রতিবেদককে জানান, মিল মালিকরা প্রচুর আয় করলেও তাদের আয় দিনে বড় জোর ১৬-২০ টাকা। একদিন কাজ না করলে না খেয়ে থাকতে হয়। মন্দা মরশুমে মালিকদের কাছ থেকে অগ্রিম মজুরি নিয়ে গতর খাটাতে হয় তাদের।
খাজা রাইস মিলের মালিক ও কিশোরগঞ্জ জেলা রাইস মিল মালিক সংগঠনের সভাপতি মিজানুর রহমান এবং আশুগঞ্জ রাইস মিল মালিক সমিতির সভাপতি হাজী রফিকুল ইসলাম সাধারণভাবে মিল শ্রমিকদের দারিদ্র দুর্দশার কথা স্বীকার করেন। বিডিনিউজকে তারা বলেন, নারী শ্রমিকরা এ শিল্পে সবচে বেশি নিগৃহীত। নারী শ্রমিকদের জীবনযাত্রার মানোন্ন্য়নে ব্যবস্থা গ্রহণের জন্য তারা চিন্তাভাবনা করছেন বলে জানান।
