সিরাজগঞ্জে নৌকাডুবে নিহত ৩, নিখোঁজ ৫
সিরাজগঞ্জের শাহাজাদপুরে নৌকা ডুবে এক শিশুসহ তিনজনের প্রাণহানি ঘটেছে এবং আরও পাঁচজন যাত্রী নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকাল তিনটার দিকে শাহাজাদপুর পোটাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোকালিয়াগামী যন্ত্রচালিত একটি নৌকা ২০ জন যাত্রীসহ ডুবে যায়।
১২ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজন তিনটি মৃতদেহ উদ্ধার করে। নিহতদের দু’জন বেবি (২৬) ও সূর্যা খাতুন (৪২)। নিহত শিশুর পরিচয় জানা যায়নি।
রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবে যাওয়া যাত্রীদের সন্ধান পাওয়া যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
