২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে সিটি করপোরেশন এলাকাসমূহে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে: মান্নান ভুইয়া

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া বুধবার আসন্ন রমজান মাসে দেশের সিটি করপোরেশন এলাকাসমূহে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:41 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এলজিআরডি মন্ত্রণালয়ের সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন তিনি।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, রমজান মাসে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী. সিলেট ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় সুষ্ঠ পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় রমজান মাসে ঢাকা মহানগরীর প্রতিটি পাম্প হাউজে সেনা বাহিনী মোতায়েন, প্রতিটি জোনে কন্ট্রোল রুম এবং মন্ত্রণালয়ের একটি মনিটরিং সেল চালু করার সিদ্ধান্ত নেযা হয়। এছাড়াও মোবাইল জেনারেটরগুলো সচল ও স্ট্যান্ডবাই রাখা, পানির গাড়িগুলো সার্বক্ষণিক প্রস্তুত রাখা এবং ভিজিলেন্স টিমের কার্যক্রম আরও বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

মান্নান ভুঁইয়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে এলজিআরডি প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, স্থানীয় সরকার বিভাগের সচিব এ এইচ এম আবুল কাশেম, ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. কাজী আজম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মকসুদুল হাকিম চৌধুরী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খোরশেদ আলম ও অন্যান্য সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।