বাংলাদেশের সাফল্যের প্রশংসায় নাইজেরিয়ার প্রেসিডেন্ট
নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলুসেগুন ওবাসানজো বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে গার্মেন্ট খাতে বাংলাদেশের সফল্যের প্রশংসা করেছেন।
সম্প্রতি নাইজেরিয়ায় নবনিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ-আল-হারুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওবাসানজোর কাছে তার নিয়োপত্র পেশ করতে গেলে তিনি বাংলাদেশ সম্পর্কে এ মূল্যায়ন করেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
ওবাসানজো দু’দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন এবং নাইজেরিয়ার শিল্প খাতের উন্নয়নে বাংলাদেশ বিশেষজ্ঞ পাঠাবে এবং বিনিয়োগ করবে বলে আশা প্রকাশ করেন।
উন্নয়ন লক্ষ্য অর্জনে এবং দারিদ্র্য নিরসনে নাইজেরিয়ার প্রেসিডেন্ট দক্ষিনের উন্নয়নশীল দেশসমূহের মধ্যকার সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া মাইক্রো ক্রেডিট উন্নয়নে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখায় তিনি বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।
