২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির মূল্য বৃদ্ধিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করার আহ্বান জানালেন মাহমুদুর রহমান

জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান জ্বালানির মূল্য বৃদ্ধিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

তিনি বলেন, বাংলাদেশের তুলনায় প্রতিবেশী ভারতে প্রতি লিটার অকটেনের মূল্য ২২ টাকা বেশি। বাংলাদেশে এর মূল্য এখনও ৪৫ টাকা, অথচ ভারতে ৬৭ টাকা। পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারনেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। এ নিয়ে হরতাল করলে জনগণের দূর্ভোগ আরও বাড়বে।

তিনি বলেন, চোরাই পথে জ্বালানি তেল পাচারকারীরা দেশের শত্রু। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

বুধবার ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও জুনিয়র চেম্বার অব ইন্ডাস্ট্রি (জেসিআই) আয়োজিত এক মত বিনিয়ম অনুষ্ঠানে তিনি একথা বলেন।

হোটেল পূর্বাণীতে আয়োজিত ‘সিএনজিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশ রক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিসিআই’র সভাপতি সাইফুল ইসলাম। স্বাগত: বক্তব্য রাখেন জেসিআই সভাপতি সাফিনা রহমান।

মাহমুদুর রহমান বলেন, ডিজেল ইঞ্জিন রূপান্তরের সহজ প্রযুক্তি এখনো দেশে আসেনি। সরকার ডিজেল ইঞ্জিন রূপান্তরের প্রযুক্তি সহজ করার চেষ্টা করছে। প্রয়োজনে সরকারি অর্থ ব্যয়েই এ প্রযুক্তি আনা হবে।

তিনি বলেন, বাংলাদেশে বিশ্বের যেকোনো দেশের তুলনায় গ্যাসের মূল্য কম। গ্যাসের ব্যবহার বাড়িয়ে আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমাতে হবে।

মাহমুদুর রহমান বলেন, সরকারিভাবে সিএনজি ইঞ্জিন আমদানিকে উৎসাহিত করা হলেও ডিজেল চালিত ইঞ্জিন আমদানি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।

অনুষ্ঠানে সিএনজিতে রূপান্তর সংক্রান্ত বিভিন্ন কারিগরি বিষয়ে তথ্য উপস্থাপন করে ঢাকা পরিবহন সমন্বয় বোর্ডের (ডিটিসিবি) দূষণ নিয়ন্ত্রণ পরিকল্পনা কর্মকর্তা মামুনুর রহমান ও রহিম আফরোজ সিএনজি’র কর্মকর্তা শাহজাদ আখতার।