২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বোমা সরবরাহকারী জেএমবি নেতা গ্রেপ্তার, আহলে হাদিস মসজিদের ইমাম আটক

বাগেরহাটে বিস্ফোরিত বোমাগুলোর অন্যতম সরবরাহকারী জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নেতা মাওলানা আব্দুল্লাহ গাজীকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সোমবার রাতে চিতলমারী উপজেলার আড়ুয়াবন্নি গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার বিকেলে বাগেরহাট আদালতে জেএমবি নেতা মো. বারকাতুল্লাহ আল মোর্শেদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তি অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ জানায়।

পুলিশ জানায়, ধৃত মাওলানা আব্দুলাহ গাজী চিতলমারী উপজেলার শৈলদহ ফাজিল মাদ্রাসার এবতেদায়ী শাখার শিক্ষক। তিনি আড়ুয়াবন্নি গ্রামের রতন গাজীর পুত্র। বাগেরহাটের আল্ মারকাজুল ইসলামী আস্ সালাফী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং জেএমবি নেতা মো. বারকাতুল্লাহ আল মোর্শেদের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী তাকে সোমবার গভীর রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

বারকাতুল্লাহ তার স্বীকারোক্তিতে উল্লেখ করেছেন, ১৬ আগস্ট বিকেলে তার সহযোগী মাওলানা আব্দুলাহ গাজী তার কাছে ব্যাগে করে একটি বোমা দিয়ে যায়। ওই বোমা ১৭ আগস্ট সকালে শহরের রেলরোড এলাকায় পেতে রেখে বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে আব্দুল্লাহ গাজীর স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট পুলিশ জিজ্ঞাসাবাদের জন্যে মঙ্গলবার মোল্লাহাট সারুলিয়া আহলে হাদিস মসজিদের ইমাম দাউদ শেখকে (৩৫) আটক করেছে। সে মোল্লাহাট উপজেলার উত্তরকান্দি গ্রামের আব্দুর রশিদ শেখ’র পুত্র। তার হেফাজত থেকে আহলে হাদিসপন্থী বেশ কিছু পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে বাগেরহাট থানায় নিয়ে আসা হয়।

এ নিয়ে ১৭ আগস্ট বাগেরহাটে বোমা বিস্ফোরণ মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হলো।