সিলেটে র্যাবের পুর্ণাঙ্গ ইউনিট র্যাব-৯ এর যাত্রা শুরু
সিলেটে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৯ এর অনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার বিকালে পূর্ণাঙ্গ ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন র্যাব’র মহাপরিচালক এমএ আজিজ সরকার।
এ উপলক্ষে নগরীর অদূরে ইসলামপুর বাজার সংলগ্ন র্যাব’র অস্থায়ী ইউনিট কার্যালয়ে পতাকা উত্তোলন ও বিশেষ মোনাজাত এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিকেদের সাথে মতবিনিময় কালে র্যাব’র মহাপরিচালক এমএম আজিজ সরকার জানান, র্যাব-৯ অন্যান্য ইউনিটের মতোই পূর্ণাঙ্গ ইউনিট। ৬৮৮ জন সদস্য নিয়ে এ ইউনিট গঠিত হয়েছে। বর্তমানে এ ইউনিটে চার শত সদস্য রয়েছে। বাকিরা শিগগিরই যোগাদান করবে।
তিনি বলেন, র্যাব গঠিত হওয়ার পর থেকে সারা দেশে যোগ্য ও কার্যকর বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের ডিআইজি মাহফুজুল হক, জেলা প্রশাসক এসএম ফয়সাল এবং র্যাব-৯ এর অধিনায়ক লে. নূরুল মোমেন খান।
