২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্যেষ্ঠতা লংঘন করে পেট্রোবাংলার পরিচালক পদে নিয়োগ

জ্যেষ্ঠতা লংঘন করে পরিচালক পদে চলতি দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে রাষ্ট্রায়ত্ত তেল, গ্যাস ও খনিজ কর্পোরেশন পেট্রোবাংলায় অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 04:13 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

পদোন্নতির তালিকায় থাকা শীর্ষ দু’ সিনিয়র জেনারেল ম্যানেজারের বদলে পরিচালকের চলতি দায়িত্ব পেয়েছেন তালিকার তৃতীয় ও চতুর্থ কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জ্বালানি মন্ত্রণালয় সম্প্রতি জ্যেষ্ঠ তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা সংস্থার সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী শহিদুর রহমান এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রহমান মোর্শেদকে যথাক্রমে পরিচালক পরিকল্পনা এবং পরিচালক অপারেশনের চলতি দায়িত্ব দেয়।

জ্যেষ্ঠত্বের তালিকায় শীর্ষে আছেন সাবেক অস্থায়ী পরিচালক (পরিকল্পনা) মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোকতাদির। দ্বিতীয় অবস্থানে আছেন কৌশলগত পরিকল্পনা বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার এবং পেট্রোবাংলার কারিগরি ক্যাডারের কর্মকর্তা মুক্তিযোদ্ধা মকবুল ই এলাহী।

এ জ্যেষ্ঠ তালিকা সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) অনুমোদনের অপেক্ষায় থাকা অবস্থায় জ্বালানি মন্ত্রণালয় পরিচালকের চলতি দায়িত্বে নিয়োগ প্রদান করায় পেট্রোবাংলার কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেছেন। আগামী দু’ সপ্তাহের মধ্যে এসএসবি’র নিয়োগ চূড়ান্ত করার কথা।

পরিচালকের চলতি দায়িত্বে নিয়োগ দিতে গিয়ে জ্বালানি মন্ত্রণালয় বলেছে, এসএসবি’র অনুমোদনে সময় লাগবে। সে ক্ষেত্রে পেট্রোবাংলার কর্মকাণ্ড বিঘ্নিত হবে বলে চলতি দায়িত্বে নিয়োগ দেওয়া হয়।

তবে পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন, পরিচালক, পরিকল্পনা এবং অপারেশন ছাড়াও পরিচালক, মাইন অ্যান্ড মিনারেল পদটি দুই থেকে ১১ মাস শূন্য রয়েছে। ‘কর্মকাণ্ড গতিশীল রাখতে এতদিন অস্থায়ী নিয়োগ দেওয়া হলো না, নিয়োগ দেওয়া হলো এমন এক সময়, যখন এসএসবি দু’সপ্তাহের মধ্যে নিয়োগ চূড়ান্ত করার কথা,’ বললেন এক পেট্রোবাংলা কর্মকর্তা।

চলতি দায়িত্বে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে জ্বালানি মন্ত্রণালয় থেকে পাঠানো নথিতে এ কথাও বলা হয়, পদ দুটি কারিগরি বলে তা কারিগরি জনবল থেকে পূরণ করা দরকার। অথচ জ্যেষ্ঠত্বের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মকবুল ই এলাহী পেট্রোবাংলার কারিগরি ক্যাডারের কর্মকর্তা হলেও তাকে দায়িত্ব দেওয়া হয়নি বলে এক কর্মকর্তা অভিযোগ করেন।

পেট্রোবাংলার কর্মকর্তারা অভিযোগ করেছেন, কিছু কর্মকর্তাকে বিব্রত করে চাকুরি ছেড়ে দিতে বাধ্য করার জন্যে জ্যেষ্ঠতা ভেঙে পরিচালক পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এর প্রমাণ হিসেবে তারা পরিচালক (পরিকল্পনা) পদে দায়িত্ব পালন করার পর মেজর মোকতাদিরকে সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করেন।

অন্যদিকে পরিচালকের পদ পূরণে তড়িৎ উদ্যোগ নেয়া হলেও পরিচালক (মাইন অ্যান্ড মিনারাল) পদে কাউকে চলতি দায়িত্ব দেওয়া হয়নি।