সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার
সরকার শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটির সিদ্ধান্ত নিয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সোমবার রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে জানানো হয়।
দেশের অর্থনীতির ওপর চাপ কমানোর লক্ষ্যে এ সিদ্ধান্তের ভিত্তি হিসেবে যে বিষয়গুলো উল্লেখ করা হয় সেগুলো হচ্ছে-বিদ্যুৎ খরচ বাঁচানো, শতকরা ১৭ ভাগ সরকারি মোটরযান চলাচল থেকে বিরত রাখা এবং পাঁচ বছরের মধ্যে পেট্রোলিয়াম চালিত বিদ্যুত উৎপাদন কেন্দ্রগুলো সিএনজিতে রূপান্তর করা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়ের নতুন দৈনিক সময়সূচি হবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা।
সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া তৈরি করে এবং মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে তা উপস্থাপন করা হয়।
খাদ্যে ভেজাল বিরোধী অভিযান আরও শক্তিশালী করতে এ বৈঠকে ভেজালমুক্ত খাদ্য অধ্যাদেশ ১৯৬৯ এর সংশোধনের প্রস্তাব উত্থাপন করে একটি বিল আনা হয়।
তবে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে দেয়া সাক্ষাতকারে বলেন, আগের ছুটির দিন শুক্রবারের সাথে শনিবারেও ছুটি থাকবে। পবিত্র জুম্মার নামাজের কারণে শুক্রবারের ছুটি পরিবর্তন করা সম্ভব নয়। কেননা শুক্রবার অফিস চালাতে হলে জুম্মার নামাজের জন্য অনেক সময় বিরতি দিতে হবে।
